দ. আফ্রিকা-উইন্ডিজ ম্যাচে যত রেকর্ড
ডি ভিলিয়ার্সের দশম ওয়ানডে সেঞ্চুরি, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তৃতীয়। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ডি ভিলিয়ার্সের টানা দ্বিতীয় সেঞ্চুরি। বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার পক্ষে দুটি সেঞ্চুরি করে গিবসের সঙ্গে যৌথভাবে শীর্ষে আছেন ডি ভিলিয়ার্স। গ্রায়েম স্মিথ ও ডি ভিলিয়ার্সের ১১৯ রানের জুটি বিশ্বকাপে তৃতীয় উইকেটে দক্ষিণ আফ্রিকার দ্বিতীয় সেরা। সর্বোচ্চ ১৪৫ রানের জুটি গড়েছিলেন কালিনান ও গ্যারি কারস্টেন আরব আমিরাতের বিপক্ষে ১৯৯৬ বিশ্বকাপে। ওয়ানডেতে ২০০০ রান পূর্ণ হলো জেপি ডুমিনির। বিশ্বের ১৬০তম ও দক্ষিণ আফ্রিকার ১৫তম ব্যাটসম্যান হিসেবে দুই হাজার রান পেরোলেন ডুমিনি। ডোয়াইন ব্রাভোর ৪০ তাঁর বিশ্বকাপ সর্বোচ্চ। আগের সর্বোচ্চ অপরাজিত ৩৭ জিম্বাবুয়ের বিপক্ষে ২০০৭ বিশ্বকাপে। ড্যারেন ব্রাভো ও ডেভন স্মিথের ১১১ রানের জুটি দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বিশ্বকাপে দ্বিতীয় উইকেটে ওয়েস্ট ইন্ডিজের দ্বিতীয় সেরা। সর্বোচ্চ জুটি ১৯৯৬ বিশ্বকাপে চন্দরপল-লারার ১৩৮ রান। ইমরান তাহিরের ৪১ রানে চার উইকেট বিশ্বকাপে ওয়ানডে অভিষিক্ত বোলারদের মধ্যে তৃতীয় সেরা। দক্ষিণ আফ্রিকার পক্ষে ওয়ানডে অভিষেকে দ্বিতীয় সেরা বোলিং এটি। সেরা অ্যালান ডোনাল্ডের ২৯ রানে ৫ উইকেট, ভারতের বিপক্ষে ১৯৯১ সালে দক্ষিণ আফ্রিকার প্রথম ওয়ানডেতে। ফিরোজ শাহ কোটলায় বিশ্বকাপের সেরা বোলিং এটি। আগের সেরা মোহাম্মদ আজহারউদ্দিনের ১৯ রানে ৩ উইকেট অস্ট্রেলিয়ার বিপক্ষে ১৯৮৭ বিশ্বকাপে। ডেল স্টেইনের (৩/২৪) ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সেরা বোলিং। আগের সেরা ২/২৪।