দ. আফ্রিকাকে ‘চোকার্স’ বানালেন ব্যাটসম্যান গুল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দক্ষিণ আফ্রিকার সমার্থকই হয়ে গেছে ‘সি’ বর্ণ দিয়ে শুরু ওই শব্দটা। সেটি আবারও সবার মুখে মুখে। পার্থক্য বলতে, চাপে ভেঙে পড়ার যে কটি উদাহরণ এত দিন সবার মুখে মুখে ফিরত, তার সব কটিই ছিল ব্যাটিংয়ে। এবার হলো উল্টোটা। দক্ষিণ আফ্রিকান বোলাররা প্রমাণ করলেন, তাঁরাও এমন কোনো লৌহমানব নন। চাপে তাঁরাও ভেঙেচুরে যান। পার্থক্য আরেকটা আছে। এত দিন কোনো ম্যাচের সঙ্গে ‘ফাইনাল’ শব্দটা থাকলেই সমস্যাটা হতো। তা সেটি ‘কোয়ার্টার’-ই হোক বা ‘সেমি’। এবার তার আগেই সেই রূপ দেখিয়ে ফেলল দক্ষিণ আফ্রিকা। কারণ কি এটাই যে সুপার এইটের ‘গ্রুপ অব ডেথ’-এর প্রতিটি ম্যাচই জীবন-মরণ ব্যাপার!১৫তম ওভারে পাকিস্তান ৭ উইকেটে ৭৬। তখনো প্রয়োজন ৩৩ বলে ৫৮ রান। ব্যাটিংয়ের ‘লেজ’ ততক্ষণে উইকেটে। এই ম্যাচ কি কেউ হারে নাকি? দক্ষিণ আফ্রিকা হারে। কারণ এ দলটি ক্রিকেটের আদি ও চিরন্তন ‘চোকার্স’।এবি ডি ভিলিয়ার্স সংবাদ সম্মেলনে চোখমুখ লাল করে বললেন, ‘মানুষ ভুলে যায়, আমরা কোথা থেকে ফিরে এসে জয় পাওয়ার মতো অবস্থানে চলে গিয়েছিলাম। জানি, তারা শুধু একটি-দুটি ওভারের কথা বলবে। তবে আমি আমার বোলারদের পারফরম্যান্সে গর্বিত।’গর্বিত হওয়া না-হওয়াটা এবি ডি ভিলিয়ার্সের ব্যাপার। ব্যাটিংয়ে মাত্র ১৩৩ রান করার পরও দক্ষিণ আফ্রিকান বোলাররা ম্যাচটাকে যেভাবে ঘুরিয়ে দিয়েছিলেন, সেটি অবশ্যই বড় কৃতিত্ব। জয়ের অবস্থানে পৌঁছে যাওয়াটাও মিথ্যা নয়। কিন্তু ‘চোকার্স’ কথাটা তো আসছে এ কারণেই। চোকার্স তো তাদেরই বলে, জয় প্রায় নিশ্চিত—এমন অবস্থায় যারা ভেঙে পড়ে।হ্যাঁ, টি-টোয়েন্টি ম্যাচে প্রায় অসম্ভব পরিস্থিতি থেকেও জয়ের ঘটনা আকছারই ঘটে। তবে বেশির ভাগ সময়ই সেটি আকাশছোঁয়া আস্কিং রেট তাড়া করার সাফল্যে। এখানে তো আস্কিং রেটের চেয়েও বড় ছিল অলআউট হয়ে যাওয়ার ভয়। দক্ষিণ আফ্রিকার মতো শক্তিশালী বোলিং লাইনআপের বিপক্ষে অষ্টম উইকেটে ৪৯ রান, একজন টেলএন্ডারের এমন ব্যাটসম্যান হয়ে ম্যাচ জিতিয়ে দেওয়া! দৃশ্যমান ক্রিকেটীয় কারণের বাইরেও কিছু আছে। পরাজিত দলের নাম দক্ষিণ আফ্রিকা বলে সেটি আর কাউকে খুঁজে হয়রান হতে হচ্ছে না। তাঁকে বলা হচ্ছে টেলএন্ডার, তাঁকে দিয়েই শুরু ব্যাটিংয়ের ‘লেজ’—এসব লেখা হয়েছে জানলে অন্তত এই দিনে উমর গুল আপত্তি করতেই পারেন! প্রেসবক্সে তো অনেকে এমনও বলতে শুরু করলেন, গুলের ব্যাটিং-বীরত্বে অবাক হওয়ার কিছু নেই। এই ম্যাচে গুল তো খেলেছেন স্পেশালিস্ট ব্যাটসম্যান হিসেবে। কেউ গুলের আসল পরিচয় না জানলে রসিকতাটা বুঝতেই পারতেন না। ১৮তম ওভারে বোলিংয়ে এসে করেছেন মাত্র ২ ওভার। ব্যাটিংয়ে নেমেছেন এর অনেক আগে, ১৫তম ওভারে। নেমেই এমন ব্যাট চালাতে শুরু করলেন যে দক্ষিণ আফ্রিকা একেবারে এলোমেলো। শেষ ৫ ওভারে ৫৮ রান দরকার—১৬তম ওভারে ক্যালিসকে পর পর দুই বলে ছক্কা। সেই ওভারে এল ১৭ রান। অ্যালবি মরকেলের পরের ওভারে ২০। ১৭ বলে ৩২ রান করে ১৯তম ওভারের শেষ বলে গুল যখন আউট হলেন, শেষ ওভারে পাকিস্তানের চাই ৯ রান। সেটি হয়ে গেল দুই বল বাকি থাকতেই। মাঠে উমর আকমল ও সাঈদ আজমল উল্লাসে মত্ত, ‘কোমা’য় চলে গিয়ে আবারও জীবন ফিরে পাওয়ার উৎসব তখন পাকিস্তানের ডাগ-আউটে।এই টুর্নামেন্টের আগে শোনা যাচ্ছিল, প্রেমাদাসার উইকেট পুনঃস্থাপন করায় এটি নাকি আগের মতো আর স্পিন-স্বর্গ নেই। কিসের কি, উইকেটে যত খেলা হচ্ছে, ততই স্পিনারদের হাসি আকর্ণবিস্তৃত হচ্ছে। পাকিস্তান দলে আরেকজন স্পিনার নিল, চার স্পিনার মিলেই করলেন ১৫ ওভার। দক্ষিণ আফ্রিকার গলায় ফাঁসও পরালেন তাঁরাই। দক্ষিণ আফ্রিকান স্পিনাররাও একই রকম সফল। রবিন পিটারসনের এক ওভারে ২ উইকেটেই পাকিস্তানের ব্যাটিংয়ে মড়কের শুরু। পরের উইকেটটি ইয়োহান বোথার। কী আশ্চর্য, সেটি আবার টি-টোয়েন্টিতে অত্যাশ্চর্য উইকেট-মেডেন! অথচ কী আশ্চর্য, দ্বিতীয় ওভারে ১০ রান দেওয়ায় এমন টার্নিং উইকেটেও বোথাকে আর বোলিংই দিলেন না এবি ডি ভিলিয়ার্স!ক্রিকেটীয় ভুল? নাকি চাপে সব গুলিয়ে যাওয়া! ‘সি’ দিয়ে শুরু শব্দটা আবারও না-ই বলি!সংক্ষিপ্ত স্কোরদক্ষিণ আফ্রিকা: ২০ ওভারে ১৩৩/৬ (লেভি ৮, আমলা ৬, ক্যালিস ১২, ডুমিনি ৪৮, বেহারদিয়েন ১৮, ডি ভিলিয়ার্স ২৫, আলবি মরকেল ৯*, পিটারসন ৩*; হাসান ০/১২, আরাফাত ২/২৫, আজমল ১/২৬, হাফিজ ২/২৩, আফ্রিদি ০/২৬, গুল ১/১৯)। পাকিস্তান: ১৯.৪ ওভারে ১৩৬/৮ (হাফিজ ১৫, নাজির ১৪, জামশেদ ০, কামরান ১, মালিক ১২, উমর ৪৩*, আফ্রিদি ০, আরাফাত ৩, গুল ৩২, আজমল ৪*; স্টেইন ৩/২২, মরনে মরকেল ০/৩৩, পিটারসন ২/১৫, আলবি মরকেল ০/২৬, বোথা ১/১০, ডুমিনি ১/৫, ক্যালিস ১/১৭)।ফল: পাকিস্তান ২ উইকেটে জয়ী। ম্যান অব দ্য ম্যাচ: উমর গুল।দ. আফ্রিকা: ২০ ওভারে ১৩৩/৬পাকিস্তান: ১৯.৪ ওভারে ১৩৬/৮ফল: পাকিস্তান ২ উইকেটে জয়ী