দ. আফ্রিকায় শ্রমিকদের ওপর রাবার বুলেট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দক্ষিণ আফ্রিকার ওয়েস্টার্ন কেপ এলাকায় গতকাল বুধবার ধর্মঘটি আঙুরশ্রমিকদের ওপর রাবার বুলেট ও কাঁদানে গ্যাসের শেল ছুড়েছে পুলিশ। গতকাল বিবিসির খবরে এ তথ্য জানানো হয়। খবরে বলা হয়, মজুরি বাড়ানোর দাবিতে সেখানকার ধর্মঘটি আঙুর শ্রমিকেরা গতকাল সড়ক অবরোধ ও পুলিশকে লক্ষ্য করে পাথর ছোড়েন। এরপর পুলিশ ওই শ্রমিকদের লক্ষ্য করে রাবার বুলেট ও কাঁদানে গ্যাস ছোড়ে।পুলিশের একজন মুখপাত্র জানান, ঘটনাস্থল থেকে ৫০ জন শ্রমিককে গ্রেপ্তার করা হয়েছে।আন্দোলনকারী শ্রমিকেরা বাগান থেকে আঙুর তোলা ও প্যাকেট করার কাজ করেন। দৈনিক মজুরি দ্বিগুণ করে ১৭ ডলার করার দাবিতে তাঁরা ধর্মঘটে গেছেন।ধর্মঘট এড়াতে চলতি সপ্তাহের শুরুর দিকে ট্রেড ইউনিয়ন ও আঙুর বাগানের মালিকদের প্রতিনিধিদের মধ্যে সমঝোতার চেষ্টা ভেঙে যায়। এরপরই শ্রমিকেরা ধর্মঘটে নামেন।আঙুর বাগানের অধিকাংশ মালিক শ্বেতাঙ্গ। শ্রমিকদের বেশির ভাগ কৃষ্ণাঙ্গ। শ্রমিকদের অভিযোগ, তাঁদের মজুরি নিয়ে বৈষম্যের মূলে রয়েছে বর্ণবাদ।