দ. কোরিয়া ছাড়তে বিদেশিদের হুঁশিয়ার করল উ. কোরিয়া
দক্ষিণ কোরিয়ায় অবস্থানরত বিদেশিদের সে দেশ ছেড়ে চলে যেতে বলেছে উত্তর কোরিয়া। আজ মঙ্গলবার তাঁরা এ আহ্বান জানিয়ে হুঁশিয়ার করেছে, দক্ষিণ কোরিয়ার সঙ্গে যুদ্ধে জড়ানোর মতো পরিস্থিতি হয়েছে তাদের। আজ রয়টার্সের এক খবরে এ কথা জানানো হয়।দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা কেসিএনএর উদ্ধৃতি দিয়ে খবরে বলা হয়, ‘দক্ষিণ কোরিয়ায় অবস্থানরত বিদেশিরা যুদ্ধের ঝুঁকির মধ্যে রয়েছে। তাদের কোনো ক্ষতি আমরা চাই না।’এদিকে, সিউলে অবস্থিত বেশ কিছু দূতাবাস তাদের নাগরিকদের দক্ষিণ কোরিয়া ছাড়তে বলেছে। যুক্তরাষ্ট্র বলেছে, দক্ষিণ কোরিয়ায় অবস্থানের ক্ষেত্রে তাদের নাগরিকদের জন্য এখনই কোনো হুমকি নেই।রয়টার্স জানায়, অব্যাহত হুমকির বাইরে উত্তর কোরিয়ার কোনো সামরিক প্রস্তুতি লক্ষ করা যায়নি। এর আগে পিয়ংইয়ং জানিয়েছিল, যুদ্ধ আসন্ন। তাই সেখানে অবস্থানরত কূটনীতিকদের নিরাপত্তা দেওয়া তাদের পক্ষে সম্ভব নয়। এ কারণে উত্তর কোরিয়া থেকে বিদেশি কূটনীতিকদের সরিয়ে নেওয়ার পরামর্শ দেয় পিয়ংইয়ং।কোরিয়া উপদ্বীপে কয়েক মাস ধরে উত্তেজনা চলছে। গত কয়েক সপ্তাহে সেই উত্তেজনা চরম আকার ধারণ করেছে।