দ. কোরিয়ায় প্রেসিডেন্ট নির্বাচনে ভোট চলছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দক্ষিণ কোরিয়ায় আজ বুধবার প্রেসিডেন্ট নির্বাচনে ভোটগ্রহণ চলছে। নির্বাচনে ক্ষমতাসীন নিউ ফ্রন্টিয়ার পার্টির (এনএফপি) প্রার্থী পার্ক জিউন-হাই জয়ী হতে পারেন বলে ধারণা করা হচ্ছে। বিবিসির অনলাইনে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। আজ বুধবার দেশটির স্থানীয় সময় ভোর ৬টায় ভোটগ্রহণ শুরু হয়। ১২ ঘণ্টা পর ভোটগ্রহণ শেষ হবে। তীব্র শীত উপেক্ষা করে সকাল থেকেই কেন্দ্রগুলোতে ভোট দিচ্ছেন ভোটাররা। ভোট নির্বিঘ্ন করতে দেশটিতে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। এবারের প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন সাবেক সেনাশাসক পার্ক চাং-হির মেয়ে ও ক্ষমতাসীন নিউ ফ্রন্টিয়ার পার্টির (এনএফপি) প্রার্থী পার্ক জিউন-হাই ও ডেমোক্রেটিক ইউনাইটেড পার্টির প্রার্থী মুন জায়ি ইন। নারী প্রেসিডেন্ট প্রার্থী পার্ক জিউন-হাইয়ের বাবা সাবেক সেনাশাসক জেনারেল পার্ক চাং-হি তাঁর শাসনামলে দক্ষিণ কোরিয়াকে অর্থনৈতিক উন্নতির দিকে নিয়ে গেলেও তাঁর বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ রয়েছে। চলতি বছর সেপ্টেম্বরে বাবার কৃতকর্মের জন্য প্রকাশ্যে ক্ষমা চেয়ে পার্ক জিউন-হাই বলেছেন, তিনি জনগণের প্রতিনিধি হিসেবে কাজ করতে চান।এদিকে পার্কের প্রতিদ্বন্দ্বী প্রেসিডেন্ট প্রার্থী মুন জায়ি ইন পেশায় একজন মানবাধিকার আইনজীবী। তিনি জেনারেল পার্কের শাসনামলে স্বৈরশাসনের বিরুদ্ধে আন্দোলন করার অপরাধে কারাবরণ করেছিলেন। পার্কের দল নিউ ফ্রন্টিয়ার পার্টিকে (এনএফপি) দুর্নীতিপরায়ণ ও অকর্মণ্য দাবি করে মুন বলেছেন, কেবল দলীয় প্রতিনিধি পাল্টালেই হবে না, সংকট কাটাতে হলে তাঁদের পুরো দলটিকেই পাল্টাতে হবে।নির্বাচনী প্রচারণায় প্রায় প্রতিটি জনমত জরিপে দেখা গেছে, প্রতিদ্বন্দ্বী প্রার্থীর চেয়ে এগিয়ে আছেন পার্ক জিউন-হাই। সাধারণ কোরীয়দের বড় একটা অংশ তাঁকে সমর্থন করছেন। নির্বাচিত হলে পার্ক জিউন-হাই হবেন দক্ষিণ কোরিয়ার ইতিহাসে প্রথম নারী প্রেসিডেন্ট। তবে সর্বশেষ জরিপে প্রধান বিরোধী দল ডেমোক্রেটিক ইউনাইটেড পার্টির প্রার্থী মুন জায়ি-ইনের সঙ্গে তাঁর হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস পাওয়া গেছে।আগামীকাল বৃহস্পতিবার সকালের মধ্যেই নির্বাচনের ফল ঘোষণা করা হবে বলে জানিয়েছে দেশটির নির্বাচন কমিশন।