দ. কোরিয়ার শ্রমিকদের ঢুকতে দিচ্ছে না উ. কোরিয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুই কোরিয়ার যৌথ শিল্প এলাকা কায়েসংয়ে দক্ষিণ কোরিয়ার শ্রমিকদের ঢুকতে দিচ্ছে না উত্তর কোরিয়া। এ পদক্ষেপ দুই দেশের মধ্যে বিদ্যমান উত্তেজনা আরও বাড়াবে বলে আশঙ্কা করা হচ্ছে। আজ বুধবার বিবিসির অনলাইনের খবরে এ কথা জানানো হয়।দক্ষিণ কোরিয়ার একত্রীকরণ মন্ত্রণালয় জানায়, দক্ষিণ কোরিয়ার শ্রমিকদের কায়েসং কমপ্লেক্স ত্যাগ করতে দেওয়া হচ্ছে, তবে তাদের কোনো শ্রমিককে সেখানে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না।কায়েসং শিল্পাঞ্চল মূলত উত্তর কোরিয়ার আয়ের একটি প্রধান উত্স। এলাকাটিকে দুই কোরিয়ার সম্পর্কের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মাপকাঠি হিসেবে বিবেচনা করা হয়। এ যৌথ শিল্পাঞ্চলে শতাধিক যৌথ কারখানা রয়েছে। এখানে উত্তর কোরিয়ার ৫০ হাজারের বেশি শ্রমিক কাজ করেন। দক্ষিণের কয়েক শ ব্যবস্থাপক ওই এলাকায় দৈনিক অনুমতি সাপেক্ষে প্রবেশের অনুমতি পান।দক্ষিণ কোরিয়ার একত্রীকরণ মন্ত্রণালয়ের মুখপাত্র কিম হিয়ুং সিওক বলেন, প্রবেশের ওপর নিষেধাজ্ঞা জারির ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করছে দক্ষিণ কোরিয়ার সরকার। অবিলম্বে এ নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি জানিয়েছে তারা।উত্তর কোরিয়া গত ফেব্রুয়ারিতে তৃতীয় দফায় পারমাণবিক বোমার পরীক্ষা চালায়। এর জের ধরে দেশটির ওপর আন্তর্জাতিক নিষেধাজ্ঞা আরোপ এবং দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের যৌথ সামরিক মহড়ায় ক্ষুব্ধ হয় উত্তর কোরিয়া।গত মার্চের প্রথম থেকে যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনীর এই নিয়মিত যৌথ সামরিক মহড়া শুরু হয়। এরপর থেকে প্রায় প্রতিদিন দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের সামরিক স্থাপনাগুলোয় হামলার হুমকি দিচ্ছে পিয়ংইয়ং। একই সঙ্গে সশস্ত্র বাহিনীকে সর্বোচ্চ সতর্কাবস্থায়ও রেখেছে তারা। গত শনিবার পিয়ংইয়ং ঘোষণা দেয়, দক্ষিণ কোরিয়ার সঙ্গে দেশটির সম্পর্ক এখন ‘যুদ্ধাবস্থার’ দিকে গড়াচ্ছে।এদিকে সোমবার দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট পার্ক জিউন-হাই হুঁশিয়ারি দেন, তাঁর দেশে হামলা হলে উত্তর কোরিয়াকে সমুচিত পাল্টা জবাব দেওয়া হবে। দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র গতকাল বলেন, পিয়ংইয়ংয়ের এসব ঘোষণা খুব দুঃখজনক।গতকাল মঙ্গলবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি উত্তর কোরিয়ার এসব আচরণ ‘বিপজ্জনক’ ও ‘বেপরোয়া’ বলে আখ্যায়িত করেছেন। তিনি বলেন, ‘এখানে এ বিষয়টি পরিষ্কার করে দিচ্ছি যে, যুক্তরাষ্ট্র আমাদের প্রতিরক্ষার বিষয়টি দেখবে এবং আমাদের রক্ষা করবে।’এর আগে গতকাল সকালে জাতিসংঘের মহাসচিব বান কি মুন বলেন, কোরীয় উপদ্বীপের সংকট বহুদূর গড়িয়েছে। তিনি বলেন, পারমাণবিক হুমকি কোনো খেলার বিষয় নয়। অবিলম্বে উত্তর কোরিয়ার সঙ্গে আলোচনায় বসতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান বান কি মুন।