দ. কোরিয়া সীমান্তে সাবমেরিন বিধ্বংসী মহড়া চালাচ্ছে
দক্ষিণ কোরিয়ার নৌবাহিনী আজ বৃহস্পতিবার উত্তর কোরিয়ার সমুদ্রসীমান্তের কাছে একটি সাবমেরিন বিধ্বংসী মহড়া শুরু করেছে। এ দিকে আঞ্চলিক শক্তিগুলোর চাপের মুখে চীন উত্তর কোরিয়ার সঙ্গে তার সম্পর্কের বিষয়টি পুনর্বিবেচনা করছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।আন্তর্জাতিক অনুসন্ধানকারীদের একটি দল টর্পেডোর আঘাতে দক্ষিণ কোরিয়ার যুদ্ধজাহাজ চিওনানকে ডুবিয়ে দেওয়া ও তার ফলে ৪৬ জন নাবিকের মৃত্যুর জন্য উত্তর কোরিয়াকে অভিযুক্ত করে। এই প্রেক্ষাপটে, উত্তর কোরিয়ার সাবমেরিনের অনাহূত প্রবেশ যাতে আরও সহজে শনাক্ত করা যায়, সে উদ্দেশে দক্ষিণ কোরিয়া এ মহড়া চালাচ্ছে। দক্ষিণ কোরিয়া তার সেনাবাহিনীর সতর্কতার মান আরও বৃদ্ধি এবং সেই সঙ্গে এ মহড়া শুরু করায় পিয়ংইয়ং সম্ভবত আরও রুষ্ট হবে।সিউল তার রণতরী চিওনান ডোবানোর অভিযোগে উত্তর কোরিয়ার বিরুদ্ধে নানা নিষেধাজ্ঞা আরোপ করায় পিয়ংইয়ং ইতিমধ্যে সিউলের সঙ্গে সব ধরনের সম্পর্ক ছিন্ন করেছে।এ দিকে কড়া পাহারায় রক্ষিত দুই দেশের সীমান্ত এলাকায় দক্ষিণ কোরিয়া লাউড স্পিকারে উত্তর কোরিয়াবিরোধী প্রচারণা শুরু করায় পিয়ংইয়ং দক্ষিণ কোরিয়ার সঙ্গে শেষ সড়ক সংযোগটিও বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছে। এ ছাড়া এ সপ্তাহে দেওয়া ঘোষণা অনুযায়ী দক্ষিণ কোরিয়া যদি নতুন আরও কিছু নিষেধাজ্ঞা আরোপ করে, তবে উত্তর কোরিয়া যুদ্ধ শুরু করার হুমকি দিয়েছে। বেশির ভাগ বিশ্লেষক মনে করছেন, দুই পক্ষের কেউই যুদ্ধের জন্য পুরোপুরি প্রস্তুত নয়। তবে তারা বিশেষ করে দুই দেশের পশ্চিম তীরসংলগ্ন বিতর্কিত সমুদ্র সীমান্তে বিচ্ছিন্ন সংঘর্ষ ঘটতে পারে বলে সতর্ক করে দিয়েছে।