দ. কোরিয়াগামী চাকরিপ্রার্থী তরুণদের অনশন, কর্তৃপক্ষের আশ্বাসে স্থগিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিদেশ যেতে না পেরে আজ সকাল থেকে শুরু করা আমরণ অনশন ভঙ্গ করেছেন দক্ষিণ কোরিয়াগামী চাকরিপ্রার্থী তরুণেরা। কর্তৃপক্ষের আশ্বাসে বিকেলে তাঁরা অনশন ভাঙেন। এর আগে আজ সোমবার সকাল থেকে তাঁরা রাজধানীর ইস্কাটনে বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) কার্যালয়ের সামনে অনশন শুরু করেন।চাকরিপ্রার্থী তরুণেরা জানান, ভাষা পরীক্ষায় উত্তীর্ণ হওয়াসহ সবকিছু চূড়ান্ত হওয়ার পর দুই বছর পেরিয়ে গেলেও তাঁরা দক্ষিণ কোরিয়ায় যেতে পারছেন না। জনশক্তি রপ্তানিকারক প্রতিষ্ঠান বোয়েসেল এ ক্ষেত্রে কোনো ভূমিকাই রাখতে পারছে না। উল্টো তাদের গাফিলতির কারণে বিপাকে পড়েছেন তাঁরা। তাই তাঁরা আজ সকাল থেকে আমরণ অনশন শুরু করেন।২০০৭ সালে বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়া সরকারের মধ্যে একটি সমঝোতা-স্মারক স্বাক্ষর হয়। এর ফলে দক্ষিণ কোরিয়া প্রতিবছর ৮-১০ হাজার বাংলাদেশি কর্মী নেওয়ার ঘোষণা দেয়। তবে এ জন্য কর্মীদের কোরিয়ান ভাষা পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার শর্ত জুড়ে দেওয়া হয়।আরিফুজ্জামান, মোরশেদুল হাসান, সাইফুল হাসানসহ আরও অনেকে জানান, দুই দফায় ভাষা পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন আট হাজার তরুণ। স্বাস্থ্য পরীক্ষাসহ তাঁদের সবকিছুই চূড়ান্ত হয়েছে। কথা ছিল, দুই-তিন মাসের মধ্যে তাঁরা দক্ষিণ কোরিয়ায় যেতে পারবেন।কিন্তু প্রথম ব্যাচে উত্তীর্ণ দুই হাজার ৮৫০ জনের মধ্যে এখনো ৫৪৯ জন সেখানে যেতে পারেননি। এ ছাড়া দ্বিতীয় ব্যাচে উত্তীর্ণ পাঁচ হাজারের মধ্যে সাড়ে চার হাজারই এখনো অপেক্ষায়। দীর্ঘদিন ধরে ঘোরাঘুরি করেও তাঁরা যেতে পারছেন না। এরই মধ্যে তাঁদের ভাষা পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার সনদের মেয়াদও শেষ হতে চলেছে।কোরিয়ায় চাকরিপ্রার্থী তরুণদের অভিযোগ, বিষয়টি নিয়ে তাঁরা বারবার বোয়েসেলের সঙ্গে যোগাযোগ করলেও সমস্যার সমাধান হয়নি। ফলে বাধ্য হয়ে তাঁরা আমরণ অনশন শুরু করেছেন। এর আগে মার্চ মাসে তাঁরা বিক্ষোভ করেছিলেন।এ বিষয়ে যোগাযোগ করা হলে বোয়েসেলের মহাব্যবস্থাপক আমিরুল ইসলাম প্রথম আলোকে বলেন, অনশনকারীদের সঙ্গে কথা হয়েছে। এই তরুণেরা বিদেশে যেতে পারছেন না কেন, জানতে চাইলে তিনি বলেন, এটি দক্ষিণ কোরিয়ার ব্যাপার। তারা সিদ্ধান্ত না নিলে বাংলাদেশের কিছুই করার নেই।