এ বিভাগে পেশাসংক্রান্ত যেকোনো প্রশ্ন পাঠাতে পারেন। বিশেষজ্ঞরা সেসবের উত্তর দেবেন। চিঠি পাঠানোর ঠিকানা: পেশা-পরামর্শ, কাজের খবর, প্রথম আলো, ১০০ কাজী নজরুলইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫। এ ছাড়া ই-মেইল পাঠাতে পারেন [email protected] ঠিকানায়। আরও পেশা-পরামর্শ পাবেন প্রথম আলো জবসের ওয়েবসাইটে (www.prothom-alojobs.com) প্রশ্ন: আমি স্নাতকোত্তর শেষ করে পাঁচ বছর ধরে একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত আছি। আমি সততার সঙ্গে কাজ করি। কিন্তু গত পাঁচ বছরে আমার পদোন্নতি হয়নি। আমার ভেতরে কোনো সমস্যা নিশ্চয়ই আছে বলে মনে হচ্ছে। তা না হলে আমার পরে নিয়োগ পেয়েও অনেকে পদোন্নতি পেয়েছেন। আমার দক্ষতা না বাড়িয়ে অন্য প্রতিষ্ঠানে যেতেও ভয় পাচ্ছি। আমি বেশ হতাশায় ভুগছি। একজন দক্ষ চাকরিজীবীর কী কী গুণাগুণ থাকা উচিত জানাবেন?নাম প্রকাশে অনিচ্ছুকঢাকা। উত্তর: আপনাকে ধন্যবাদ, এ রকম পরিস্থিতিতে হতাশ হওয়াটাই স্বাভাবিক। একজন ভালো চাকরিজীবীর বেশ কিছু যোগ্যতা থাকা উচিত, যার দ্বারা ঊর্ধ্বতন কর্মকর্তাদের নজরে পড়া যায়। যোগাযোগ-দক্ষতা বা কমিউনিকেশন স্কিল ভালো হতে হবে। কারও নজরে পড়ার প্রথম হাতিয়ারই হলো সুন্দর করে কথা বলা বা চিঠি লেখা। সবার সঙ্গে সুন্দর ও মার্জিত কথা বলুন। সঙ্গে সঙ্গে বাচনভঙ্গি ভালো হতে হবে। আপনার যদি কোনো মুদ্রাদোষ থাকে তবে তা এখন থেকে ঝেড়ে ফেলুন। পরিষ্কার ও স্পষ্টভাবে কথা বলুন। কম্পিউটারে কাজের দক্ষতা বাড়াতে হবে। প্রয়োজনে আপনার কাজের ধরন অনুযায়ী নতুন নতুন প্রোগামের কোর্স করুন। মিশুক হতে হবে। সহকর্মীদের সঙ্গে ভালো আচরণ করতে হবে। তাদের সহযোগিতার মনোভাব দেখাতে হবে। আপনার জন্য যে কাজ বরাদ্দ থাকবে তা ভালোভাবে সম্পন্ন করুন, পারলে তারপর আরও কাজ নিন। অফিস শুরুর কিছুক্ষণ আগেই অফিসে প্রবেশ করুন। সময়ের আগে বের হবেন না। জীবনীশক্তি ও আত্মবিশ্বাস বাড়াতে হবে। প্রতিযোগিতার জন্য এ দুটি জিনিস একান্ত অপরিহার্য। সবশেষে বলব, সময়ের সঙ্গে সঙ্গে নিজেকে পরিবর্তন করতে শিখুন ক্রমবর্ধমান চাহিদা অনুযায়ী। শুভ কামনা রইল। ক্যারিয়ার এক্সপার্ট প্রথম আলো জবস