দক্ষিণ আফ্রিকার তূণে কত তীর!
কবজিতে ব্যান্ড, মুখে জিংক ক্রিম; চিতাবাঘের ক্ষিপ্রতায় ছুটে এসে ছুড়ে দেওয়া আগুনের গোলা। অ্যালান ডোনাল্ডের বোলিং অ্যাকশনের ছবিটি অনেক বছর ধরেই দক্ষিণ আফ্রিকান ক্রিকেটের প্রতীক হয়ে ছিল। ফ্যানি ডি ভিলিয়ার্স, শন পোলক, মাখায়া এনটিনি ঘুরে সেই পতাকা বহন করছেন ডেল স্টেইন, মরনে মরকেলরা। উঠে আসছেন লনওয়াবো সতসোবের মতো আগুন ঝরানো ফাস্ট বোলার।স্পিন নিয়ে উচ্ছ্বাস দক্ষিণ আফ্রিকায় কখনোই ছিল না। এমন সময়ও গেছে, দক্ষিণ আফ্রিকান উইকেটরক্ষকরা স্টাম্পিং করলে সেটা খবরও হতো! কিন্তু পেসারদের উর্বর ক্ষেত্র দক্ষিণ আফ্রিকাই এবার চমকে দিল তিন স্পিনারের আক্রমণ দিয়ে! কেবল রবিন পিটারসন আর ইমরান তাহির মিলে নিয়েছেন ২৬ উইকেট! এর মধ্যে তাহির তো গত দুই ম্যাচে খেললেন না চোটের কারণে। খেললে উইকেটসংখ্যা আরও বাড়ত নিশ্চয়ই।দলের সহ-অধিনায়ক, গ্রায়েম স্মিথের উত্তরসূরি ইয়োহান বোথা নিজেও একজন অফ স্পিনার। বোথার নিজের ফর্মটা অবশ্য ভালো নেই। তবে এই বিশ্বকাপের সবচেয়ে কার্যকর বোলিং আক্রমণের অংশ হতে পেরে তিনি নিজেও গর্বিত। বিশ্বকাপে এখন পর্যন্ত তিনটি ম্যাচে দক্ষিণ আফ্রিকা ওপেনার বোলার হিসেবে ব্যবহার করেছে স্পিনারদের। তাতে স্মিথ সাফল্যও পেয়েছেন। বোথা নিজেও বলেছেন, দলের পেসারদের সঙ্গে তাঁদের যে প্রতিযোগিতা চলছে, তাতে স্পিনাররাই এগিয়ে থাকাতে তিনি গর্বিত।নিয়মিত স্পিনারের পাশাপাশি পার্টটাইমার জেপি ডুমিনি ও ফ্যাফ ডু প্লেসিসও নিয়েছেন তিনটি উইকেট। মূল তিন স্পিনারের একজন অফ স্পিনার, একজন বাঁহাতি, একজন আবার লেগ স্পিনার। কত বৈচিত্র্য ভেবে দেখুন। এর সঙ্গে স্টেইন-মরকেলদের পেস। বলা হচ্ছে, দক্ষিণ আফ্রিকা তার স্মরণকালের সবচেয়ে ভারসাম্যপূর্ণ বোলিং আক্রমণ পেয়েছে এবার। এতে অবাক হওয়ার কিছু নেই, এবার দক্ষিণ আফ্রিকাই একমাত্র দল, যারা ছয়টি ম্যাচেই প্রতিপক্ষকে অলআউট করেছে।