দক্ষিণ আফ্রিকার ধর্মঘটী খনিশ্রমিকদের ওপর পুলিশের হামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দক্ষিণ আফ্রিকার মারিকানায় ধর্মঘটী খনিশ্রমিকদের দমন ও ছত্রভঙ্গ করতে দেশটির পুলিশ আজ শনিবার শ্রমিকদের সমাবেশে কাঁদানের গ্যাস ছুড়েছে এবং তাঁদের ব্যাপক লাঠিপেটা করেছে। এ ঘটনায় ঠিক কতজন আহত হয়েছেন, তা জানা যায়নি।প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে রয়টার্সের এক খবরে বলা হয়, হামলার আগে পুলিশের কয়েকটি দল অস্ত্রশস্ত্র আটক করতে শ্রমিকদের হোস্টেলগুলোতে তল্লাশি চালায়।পুলিশের মুখপাত্র থুলানি নগুবেন বলেন, প্রায় ৫০০ জন পুলিশ আজ সকালে মারিকানার পাশের এলাকা লনমিনের কারি প্লাটিনাম খনির শ্রমিক হোস্টেলগুলোতে তল্লাশিতে চালান এবং দা, বর্শাসহ বিভিন্ন অস্ত্র উদ্ধার করেন। গত আগস্ট মাসে ওই এলাকাতেই বিক্ষোভকারী শ্রমিকদের ওপর পুলিশের গুলিবর্ষণে ৩৪ জন খনিশ্রমিক মারা যান। চলমান আন্দোলনে এখন পর্যন্ত ৪৪ ব্যক্তি প্রাণ হারিয়েছেন।বিশ্বের শীর্ষ প্লাটিনাম উত্পাদনকারী ওই দেশে শ্রমিকেরা বেতন বাড়ানোসহ বিভিন্ন দাবিতে পাঁচ সপ্তাহ ধরে আন্দোলন করছেন। গত কয়েক বছরে শ্রমিকেরা বেতন বাড়ানোর দাবি জানিয়ে কয়েক দফা আন্দোলন করেছেন।শ্রমিকদের দাবি, তাঁদের ন্যূনতম মাসিক বেতন হতে হবে দক্ষিণ আফ্রিকার মুদ্রায় ১২ হাজার ৫০০ র্যান্ড। কিন্তু বর্তমানে তাঁদের বেতন এই অঙ্কের এক-তৃতীয়াংশ। গত শুক্রবার মালিকপক্ষ বেতন বাড়ানোর ঘোষণা দেয়। কিন্তু ওই বৃদ্ধিকে ‘সামান্য’ অভিহিত করে শ্রমিকেরা তা প্রত্যাখ্যান করেছেন।নগুবেন বলেন, ‘তল্লাশির সময় পুলিশ পাঁচজনকে আটক করেছে মাদকদ্রব্য ব্যবহারের দায়ে। অস্ত্র রাখার দায়ে কাউকে গ্রেপ্তার করা হয়নি। তিনি বলেন, শ্রমিকদের মধ্যে সম্ভাব্য সংঘাত এড়াতে তাঁদের নিরস্ত্র করা হয়েছে।রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, পুলিশের তল্লাশির পর শ্রমিকেরা জোহানেসবার্গ থেকে ১০০ কিলোমিটার দূরের মারিকানার একটি মাঠে সমবেত হলে পুলিশ তাঁদের ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাস ছোড়ে এবং লাঠিপেটা করে। সমস্যার সমাধানে কার্যকর কোনো পদক্ষেপ নিতে ব্যর্থ হওয়ায় প্রেসিডেন্ট জ্যাকব জুমা ও ক্ষমতাসীন আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস (এএনসি) ব্যাপক সমালোচনার মুখে পড়েছে। পুলিশের গুলিতে কিছু সহকর্মীর মৃত্যুর পর শ্রমিকেরা যেভাবে দেশীয় অস্ত্র হাতে মিছিল-সমাবেশ করছেন, তাতে তাঁদের ওপর পুলিশের বল প্রয়োগ প্রায় অসম্ভব হয়ে উঠেছে।সরকার গত শুক্রবার ধর্মঘটীদের অবৈধ জনসমাগম এবং অস্ত্র হাতে চলাফেরার বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার ঘোষণা দিয়েছিল, যদিও এর কোনো বাস্তবায়ন দেখা যায়নি।অ্যাসোসিয়েশন অব মাইন ওয়ার্কার্স অ্যান্ড কনস্ট্রাকশন ইউনিয়নের (এএমসিইউ) নেতৃত্বে খনিশ্রমিকেরা ধর্মঘট ও আন্দোলন চালাচ্ছেন। গত কয়েক বছরে এ সংগঠনের উত্থানের ফলে ক্ষমতাসীন এএনসির সহযোগী খনিশ্রমিকদের সংগঠন ন্যাশনাল ইউনিয়ন অব মাইন ওয়ার্কার্সের (এনইউএম) জনপ্রিয়তায় ধস নেমেছে। এএমসিইউর নেতারা বলছেন, এএনসি এবং বড় বড় শ্রমিক সংগঠনগুলো আফ্রিকার কোটি কোটি দরিদ্র মানুষের কথা ভুলে গিয়ে সরকার ও মালিকদের সঙ্গে হাত মিলিয়েছে।