সময় শেষ হয়ে আসছে। কলকাতার ইডেন গার্ডেনে উপস্থিত দর্শকেরা হাতকামড়ে, চরম উত্কণ্ঠায় অপেক্ষমাণ। জয়ের এত কাছে এসেও জয়টা বুঝি আর পাওয়া হলো না—এমনই এক সময়ে হরভজন সিংয়ের একটি সোজা বল সরাসরি আঘাত হানল মরকেলের প্যাডে, সমস্বরে ভারতীয়দের আবেদনে সায় দিলেন আম্পায়ার। সঙ্গে সঙ্গে এক অসাধারণ জয়ের আনন্দে মাতলেন ধোনি, শচীন, লক্ষ্মণ, হরভজনরা। সিরিজে এল সমতা আর সবচেয়ে বড় কথা, আইসিসি টেস্ট র্যাংকিংয়ে ভারতের শীর্ষস্থান রইল অক্ষুণ্ন।কলকাতা টেস্টে প্রোটিয়াদের হার বাঁচানোর লড়াইকে আলাদাভাবে তুলে না ধরলে অন্যায়ই করা হবে। আর এই অসাধারণ লড়াইয়ে আশা-অকাঙ্ক্ষার কেন্দ্রবিন্দু হয়ে রইলেন একজনই, তিনি হাশিম আমলা। গোটা সিরিজে ৪৯০ গড়ে ৪৯০ রান করা এই ব্যাটসম্যান আজও লড়লেন সামর্থ্যের শেষ বিন্দু দিয়ে। আজ যদি ম্যাচটি ড্র করে করতে পারতেন, তাহলে হাশিম আমলাকে নিয়ে আলাদা ‘এপিক’ লিখতে হতো, কিন্তু দলকে জেতাতে না পেরেও তিনিই যে কলকাতা টেস্টের আসল বীর।দক্ষিণ আফ্রিকা কলকাতা টেস্টে পিছিয়ে পড়েছিল আসলে প্রথম দিনেই। ৪ উইকেটে ২৫৪ রান থেকে হঠাত্ই জহির খান ও হরভজন সিংয়ের বোলিং কারিশমায় দক্ষিণ আফ্রিকা পরিণত হয় ২৬৬/৯-এ। তাদের দুর্ভাগ্যের শুরু সেখান থেকে। দ্বিতীয় দিনে সেই ২৬৬ রানকে ২৯৬ রানে উন্নীত করেও ভারতীয় ব্যাটসম্যানদের অসাধারণ ব্যাটিং-শৈলীতে প্রতি মুহূর্তে রানসমুদ্রের অতলে হারিয়ে যেতে থাকে দক্ষিণ আফ্রিকা। শেষ পর্যন্ত ভারত শেবাগ, শচীন, লক্ষ্মণ ও ধোনির সেঞ্চুরিতে উঠে যায় ৬৪৩ রানের চূড়ায়। কোনো দলের গোটা দুই দিন হাতে রেখে ৬৪৩ রানের পাহাড় যখন ডিঙাতে হয়, তখন অসাধারণ কিছু করার দরকার হয়ে পড়ে, কিন্তু দক্ষিণ আফ্রিকার ক্ষেত্রে সে রকম কিছু না ঘটলেও নিজেদের লড়াকু ব্যাটিং এবং কিছুটা বৃষ্টির আশীর্বাদে কলকাতা টেস্টকে ড্রয়ের দোরগোড়ায় নিয়ে এসেছিল প্রোটিয়াসরা।শেষ পর্যন্ত ভারত-দক্ষিণ আফ্রিকা টেস্ট সিরিজ ১-১এ অমীমাংসিতভাবে শেষ হলো। প্রথম টেস্টে সহজ জয়ের পর কলকাতা টেস্টে এত টলায়মান অবস্থানে থেকেও ভারতকে সহজে জিততে না দেওয়াই দক্ষিণ আফ্রিকার কৃতিত্ব। আসলে দুই দলই অভিনন্দন পেতে পারে দর্শকদের এক অসাধারণ টেস্ট ম্যাচ উপহার দেওয়ার জন্য।সংক্ষিপ্ত স্কোরদক্ষিণ আফ্রিকা: ২৯৬ (১ম ইনিংস)পিটারসেন ১০০, আমলা ১১৪জহির খান ৪/৯০, হরভজন ৩/৬৪ভারত: ৬৪৩/৬ (১ম ইনিংস, ডিক্লেয়ার)শেবাগ ১৬৫, শচীন ১০৬, লক্ষ্মণ ১৪৩, ধোনি ১৩২মরকেল ২/১১৫, স্টেইন ১/১১৫, ডুমিনি ১/৭৩দক্ষিণ আফ্রিকা: ২৯০ (২য় ইনিংস)আমলা ১২৩হরভজন ৫/৫৯ফলাফল: ভারত ইনিংস ও ৫৭ রানে জয়ী