দক্ষিণ আফ্রিকার স্বস্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

 ছন্নছাড়া বোলিং ফিল্ডিংয়ের বাজে হাল মিডল ও লোয়ার মিডল-অর্ডার ব্যাটিংয়ে অস্থিরতাবিশ্বকাপের শুরু থেকেই ভারতের এই দুর্বলতা প্রকাশ হয়ে পড়েছে। শিরোপার দাবিদারেরা সমালোচনায় বিদ্ধ। পরশু নাগপুরের বিদর্ভ ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকার কাছে পরাজয়ের পর সমালোচনার নতুন যে কাঁটা তাদের বিঁধেছে, সেটি বিখ্যাত ব্যাটিং লাইনআপের হুড়মুড় করে ভেঙে পড়া।ম্যাচের তখন ৩৯.৪ ওভার। ভারতের রান ২ উইকেটে ২৬৭। আউট হয়ে যান সেঞ্চুরিয়ান শচীন টেন্ডুলকার। এরপর যেন মড়ক লাগে ভারতের ইনিংসে। ২৯ রানের মধ্যে পড়ে ৯ উইকেট। ম্যাচ শেষের সংবাদ সম্মেলনে ভারত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির দিকে ছুটে যাওয়া প্রশ্নের ‘সুনামি’র প্রথমেই ছিল এটি।ধোনি জবাবে বলেছেন, ‘অবশ্যই এটা খুব হতাশার। বিশেষ করে ৫০ ওভার ব্যাট করতে না পারা সত্যিই হতাশার। যত বেশি ব্যাট করা যেত, তত বেশি রান উঠত। আমরা তো জানি, দারুণ কিছু ব্যাটসম্যান আমাদের আছে। অতীতে তারা ভালোও করেছে। কিন্তু সহজ কথা হচ্ছে, দিনটি আমাদের ছিল না।’প্রশ্নোত্তর পর্বের একপর্যায়ে ধোনি আর ৩০-৪০টা রানের জন্য আফসোসও করেছেন। তবে ব্যাটসম্যানদের দোষেননি ভারত অধিনায়ক। ইউসুফের ব্যর্থতার কথা উঠেছে। সেই প্রসঙ্গ টেনে ধোনি বলেছেন, ‘এটা ঠিক যে আমরা আরও কিছু রান করতে পারতাম। তবে এর মানে এই নয় যে ইউসুফ পাঠানকে নিয়ে আমি হতাশ।’ ইউসুফকে নিয়ে হতাশ না হলেও পরোক্ষে ব্যাটসম্যানদের ওপর হতাশই ধোনি, ‘গুরুত্বপুর্ণ ব্যাপার হচ্ছে, আপনি দর্শককে আনন্দ দেওয়ার জন্য খেলতে পারেন না, আপনাকে খেলতে হবে দেশের জন্য।’ব্যাটিং প্রসঙ্গ যায় তো ফিল্ডিং প্রসঙ্গ আসে। ফিল্ডিং গেলে বোলিং। একে একে সবকিছুরই জবাব দিয়েছেন ধোনি। দক্ষিণ আফ্রিকার ইনিংসের শেষ দিকে কোনোভাবেই রান আটকানো যাচ্ছিল না। বোলিং যেমন আহামরি কিছু হচ্ছিল না, তেমনি ফিল্ডিংও হয়েছে বাজে। ফিল্ডিং যে দুই দলের মধ্যে বড় পার্থক্য গড়ে দিয়েছে, এটা ধোনিও মেনে নিয়েছেন।পীযূষ চাওলাকে না নিয়ে তিন পেসার খেলানোর প্রসঙ্গে বলেছেন, ‘উইকেটের কথা ভেবেই আমরা তিন পেসার নিয়ে খেলেছি। চেন্নাইয়ের মতো টার্নিং উইকেট এটা নয়। আর মুনাফ প্যাটেল ও আশিস নেহরার নকআউট পর্বের আগে নিজেদের ঝালিয়ে নেওয়ার ব্যাপারও ছিল।’তবে ধোনি মনে করেন না যে গ্রুপ পর্বের একটা ম্যাচ হেরেই সব শেষ হয়ে গেছে, ‘টুর্নামেন্টটা অনেক লম্বা। এখানেই সবকিছু শেষ হয়ে যায়নি। আমি বলতে চাইছি, যে পর্যন্ত সব শেষ হয়ে না যাচ্ছে, ততক্ষণ পর্যন্ত সম্ভাবনা থাকেই।’দক্ষিণ আফ্রিকার অবশ্য একটা বদনাম কিছুটা হলেও পরশু বিদর্ভ ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে শেষ হয়েছে। চাপের কাছে ভেঙে পড়ার বদনাম একটু হলেও এদিন ঘুচিয়েছে গ্রায়েম স্মিথের দল। ম্যাচ শেষে দক্ষিণ আফ্রিকা অধিনায়ক গ্রায়েম স্মিথের কথায় থাকল স্বস্তি, ‘একটা পরাজয়ের প্রান্ত থেকে ফিরে এসেছি আমরা। সবাই যে আমাদের চোকার বলে, এই জয় এরই জবাব।’পরশু দক্ষিণ আফ্রিকারই দিন ছিল। পাঁচ বছর আগে এই দিনেই অস্ট্রেলিয়ার বিপক্ষে ৪৩৪ রান তাড়া করে জিতেছিল দক্ষিণ আফ্রিকা। স্মিথরা যখন মাঠে যাচ্ছিলেন, দলের ম্যানেজার নাকি এটাই মনে করিয়ে দিয়েছিলেন তাঁদের। তবে টেন্ডুলকার-শেবাগ ঝড়ে সব যেন উড়ে যেতেই বসেছিল। পরে অবশ্য ডেল স্টেইনের দুর্দান্ত বোলিংয়ে ম্যাচে ফেরে প্রোটিয়ারা। জয়ের কৃতিত্ব সবাইকে ভাগাভাগি করে দিলেও স্টেইনের কথাটা তাই আলাদা করেই বলেছেন দক্ষিণ আফ্রিকা অধিনায়ক, ‘টেন্ডুলকার-শেবাগের অমন ব্যাটিংয়ের পর সবাইকে মানসিকভাবে চাঙা করাটা ছিল কঠিন। তবে আমরা দারুণভাবে ম্যাচে ফিরেছি। সবাই-ই যার যার দায়িত্ব খুব ভালোভাবে পালন করেছে। ডেল স্টেইনের অবদান ছিল অসাধারণ।’ এএফপি, রয়টার্স, ওয়েবসাইট।