দক্ষিণ আফ্রিকায় দুই বাংলাদেশিকে হত্যা
দক্ষিণ আফ্রিকার ডারবান শহরে দুর্বৃত্তরা নোয়াখালীর দুই যুবককে হত্যা করেছে। তাঁরা হলেন: জেলার সদর উপজেলার কাদিরহানিফ গ্রামের মো. সোহেল (২২) ও বেগমগঞ্জ উপজেলার মুজাহিদপুর গ্রামের মো. সহিদউল্লা (৩৫)। গত সোমবার রাতে ডারবান শহরে তাঁদের ব্যবসাপ্রতিষ্ঠানে এ ঘটনা ঘটে। পরিবার সূত্রে এ খবর জানা গেছে।নিহত ব্যক্তিদের পরিবারের সদস্যরা জানান, সহিদউল্লা সম্পর্কে সোহেলের ফুফাতো বোনের স্বামী। সহিদ প্রায় সাত বছর ধরে ডারবান শহরে বাস করছেন। গত বছরের সেপ্টেম্বর মাসে সোহেলও সেখানে যান। সহিদ সদর উপজেলার কাদিরহানিফ গ্রামের ওবায়দুল হকের ছেলে। আর সোহেল বেগমগঞ্জ উপজেলার মুজাহিদপুর গ্রামের মো. নুরুল্লার ছেলে।সুত্র জানায়, সহিদ ও সোহেল একই ব্যবসাপ্রতিষ্ঠানে রাতে ঘুমাতেন। সোমবার দিবাগত রাতে তাঁদের ব্যবসাপ্রতিষ্ঠানের ওপরের চালা কেটে একদল দুর্বৃত্ত ভেতরে ঢুকে তাঁদের জবাই করে। পরদিন মঙ্গলবার সকালে আশপাশের ব্যবসায়ীরা দোকান খুলতে না দেখে শাটার ভেঙে ভেতরে তাঁদের গলা কাটা লাশ পড়ে থাকতে দেখে স্থানীয় পুলিশকে খবর দেয়।নিহত সোহেলের চাচাতো ভাই মো. সাহাব উদ্দিন গতকাল বুধবার প্রথম আলোকে বলেন, তাঁরা মঙ্গলবার সন্ধ্যায় ডারবানে বসবাসকারী বাংলাদেশি অন্য আত্মীয়স্বজনের কাছে থেকে হত্যাকাণ্ডের খবরটি পান। লাশ দুটি স্থানীয় থানা পুলিশের হেফাজতে রয়েছে। অন্যদিকে, সহিদউল্লার স্ত্রীর বড় ভাই মো. বাদশা প্রথম আলোকে বলেন, তাঁর ভগ্নিপতির সাত বছরের একটি মাত্র কন্যাসন্তান রয়েছে। যে এখনো পিতাকে দেখেনি। সোহেল ও সহিদের মরদেহ দ্রুত দেশে আনার জন্য বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন স্বজনেরা।নোয়াখালীর পুলিশ সুপার (এসপি) হারুন-উর-রশিদ হাযারী প্রথম আলোকে বলেন, তাঁরা পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এখন পর্যন্ত এ-সংক্রান্ত কোনো তথ্য পাননি।