দক্ষিণ আফ্রিকায় শ্রমিক-পুলিশ সংঘর্ষে নিহত ৩০
দক্ষিণ আফ্রিকায় গতকাল বৃহস্পতিবার ধর্মঘটী খনিশ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষে অন্তত ৩০ জন নিহত হয়েছেন। দেশটির পুলিশ বিষয়কমন্ত্রী নাথি মাথিথাবার বরাত দিয়ে আজ শুক্রবার বিবিসি অনলাইনের এক খবরে এ কথা জানানো হয়। জোহানেসবার্গের ১০০ কিলোমিটার উত্তর-পশ্চিমে অবস্থিত লোনমিন মারিকানা নামক প্লাটিনামের একটি খনিতে গতকাল কয়েক হাজার খনিশ্রমিক জমায়েত হন। তাঁরা তাঁদের মাসিক বেতন এক হাজার মার্কিন ডলার বাড়ানোর দাবি জানিয়ে বিক্ষোভ করেন। পুলিশ পরিস্থিতি সামাল দিতে হস্তক্ষেপ করলে শ্রমিকদের সঙ্গে সংঘর্ষ বাধে। প্রত্যক্ষদর্শীরা জানান, লাঠি ও দা-জাতীয় হাতিয়ার হাতে ধর্মঘটে অংশ নেওয়া খনিশ্রমিকদের ওপর পুলিশ এলোপাতাড়ি গুলি চালায়। নাথি মাথিথাবা স্থানীয় এক রেডিওকে নিহত মানুষের সংখ্যা নিশ্চিত করেন। তিনি বলেন, সংঘর্ষে বহু লোক আহত হয়েছে। তবে, আহত মানুষের সংখ্যা আরও বাড়তে পারে বলে মন্তব্য করেন তিনি। দক্ষিণ আফ্রিকায় বর্ণবাদ নিয়ে চলা ঘৃণ্য বৈষম্যনীতি শেষ হওয়ার পর শিল্পখাতে বিবদমান শ্রমিকদের এই ধরনের রক্তপাতের ঘটনা অন্যতম। এর আগেও বেতন-ভাতা নিয়ে এই খনির বিবদমান দুটি ট্রেড ইউনিয়ন গোষ্ঠীর মধ্যে সংঘর্ষে ১০ জন নিহত হয়।