দক্ষিণ আফ্রিকায় শ্রমিক হত্যার তদন্ত শুরু
দক্ষিণ আফ্রিকায় পুলিশের সঙ্গে সংঘর্ষে ৩৪ জন শ্রমিক নিহত হওয়ার ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত শুরু হয়েছে। আজ সোমবার স্থানীয় সময় সকাল নয়টায় গণশুনানির মধ্য দিয়ে তদন্তকাজ শুরু হয়। প্রেসিডেন্ট জ্যাকব জুমা এ তদন্তের নির্দেশ দেন। আজ বিবিসি অনলাইনে প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।মজুরি বাড়ানোর দাবিতে জোহানেসবার্গের ১০০ কিলোমিটার উত্তর-পশ্চিমে মারিকানায় অবস্থিত লোনমিন প্লাটিনামের একটি খনিতে ১৬ আগস্ট কয়েক হাজার খনিশ্রমিক বিক্ষোভ করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ এলোপাতাড়ি গুলি ছোড়ে। এতে অন্তত ৩৪ জন নিহত হন। শ্রমিকেরা লাঠিসোঁটা ও ধারালো অস্ত্র নিয়ে ধর্মঘট পালন করছিলেন।সুপ্রিম কোর্টের বিচারক ইয়ান ফারলামের নেতৃত্বে তিন সদস্যের বিচার বিভাগীয় তদন্ত দলটি এ ঘটনায় পুলিশ, লুনমিন প্লাটিনাম খনির ব্যবস্থাপনা কর্তৃপক্ষ, শ্রমিক ইউনিয়ন ও সরকারের ভূমিকা তদন্ত করে দেখবে।ইয়ান ফারলাম বলেন, তদন্তকাজের সঙ্গে প্রাসঙ্গিক এমন কোনো তথ্য কারও কাছে থাকলে তারা তা তাঁদের জানাতে পারে। ওই দিন কী ঘটেছিল, তা নথিভুক্ত করা হবে। তদন্ত দল আশা করছে, চার মাসের মধ্যে তারা তদন্ত শেষ করতে পারবে। তদন্ত শেষ হওয়ার এক মাসের মধ্যে চূড়ান্ত প্রতিবেদন জমা দিতে হবে।