দক্ষিণ আফ্রিকায় হত্যার দায় শ্রমিকদেরই!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দক্ষিণ আফ্রিকায় পুলিশের গুলিতে ৩৪ জন খনিশ্রমিক নিহত হওয়ার ঘটনায় খুনের অভিযোগ সহকর্মী শ্রমিকদের বিরুদ্ধে আনা হয়েছে। এ ঘটনায় গ্রেপ্তার হওয়া ২৭০ জন শ্রমিকের বিরুদ্ধে আনা হয় এ অভিযোগ। আদালতে বিচার হবে তাঁদের। গতকাল বৃহস্পতিবার বিবিসি অনলাইনে প্রকাশিত খবরে এ কথা জানানো হয়।মজুরি বাড়ানোর দাবিতে জোহানেসবার্গ থেকে প্রায় ১০০ কিলোমিটার উত্তর-পশ্চিমে মারিকানায় ধর্মঘট চলাকালে ১৬ আগস্ট পুলিশ শ্রমিকদের ওপর এলোপাতাড়ি গুলি ছোড়ে। এতে অন্তত ৩৪ জন নিহত হন। শ্রমিকেরা লাঠিসোঁটা ও ধারালো অস্ত্র নিয়ে ধর্মঘট পালন করছিলেন।শ্রমিকদের বিরুদ্ধে অভিযোগ তোলার বিষয়টিকে ওই দেশের ক্ষমতাসীন দল আফ্রিকান ন্যাশনাল কংগ্রেসের সাবেক তরুণ নেতা জুলিয়াস মালেমা ‘পাগলামি’ বলে মন্তব্য করেছেন।মালেমা বলেন, ‘যেসব পুলিশ শ্রমিকদের হত্যা করেছে, তাদের কেউই কিন্তু হাজতে নেই। এটা পাগলামি। পুরো বিশ্ব দেখল পুলিশ ওই সব শ্রমিককে হত্যা করেছে।’গ্রেপ্তার হওয়া ২৭০ জন শ্রমিকের মধ্যে ছয়জন এখনো হাসপাতালে চিকিত্সাধীন। তাঁরা ওই দিনের ঘটনায় গুলিবিদ্ধ হন। বাকি ২৬৪ জনকে প্রিটোরিয়ার কাছে গা রানকোয়া বিচারিক আদালতে হাজির করা হয়েছে। তাঁদের জামিন আবেদনের ওপর শুনানি এক সপ্তাহের জন্য মুলতবি করা হয়েছে।এদিকে গ্রেপ্তার শ্রমিকদের তাত্ক্ষণিক মুক্তির দাবিতে আদালত প্রাঙ্গণের বাইরে শতাধিক শ্রমিক বিক্ষোভ করেন। ন্যাশনাল প্রসিকিউটিং অথরিটির মুখপাত্র ফ্রাঙ্ক লেসেনইয়েগো বিবিসিকে জানান, যাঁরা নিরস্ত্র বা ভিড়ের পেছনে ছিলেন, তাঁরাসহ এই ২৭০ জন শ্রমিককে হত্যার অভিযোগে বিচারের মুখোমুখি হতে হবে। দক্ষিণ আফ্রিকায় বর্ণবৈষম্যের অবসানের পর এই সহিংসতাকে পুলিশের বড় ধরনের রক্তক্ষয়ী দমনাভিযান হিসেবে দেখা হচ্ছে। এর মধ্যে এ ঘটনাকে ‘মারিকানা গণহত্যা’ বলে আখ্যায়িত করা হয়েছে।