দক্ষিণ এশিয়া ‘ভিসামুক্ত’ হোক: তথ্যমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, দক্ষিণ এশিয়ার মানুষের মধ্যে যোগাযোগ আরও বাড়াতে হবে। এ জন্য চাই অবাধ যোগাযোগ। এতে দক্ষিণ এশিয়ার মানুষ আরও কাছাকাছি আসতে পারবে ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বাড়বে। এ জন্য প্রয়োজন ভিসামুক্ত দক্ষিণ এশিয়া। আজ শনিবার দুপুরে কলকাতা বইমেলার এসবিআই অডিটোরিয়ামে আয়োজিত ‘ভারত-বাংলাদেশ মৈত্রী বন্ধনে বইমেলার ভূমিকা’ শীর্ষক এক সেমিনারে এসব কথা বলেন ইনু। কলকাতার ‘ফ্রেন্ডস অব বাংলাদেশ’ নামের একটি সংগঠন এ সেমিনারের আয়োজন করে। এতে আরও বক্তব্য দেন কবি বেলাল চৌধুরী, টেকনো ইন্ডিয়ার কর্ণধার সত্যম রায় চৌধুরী, ফ্রেন্ডস অব বাংলাদেশের সাধারণ সম্পাদক বিদ্যুৎ দেবনাথ প্রমুখ।বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী: বিকেলে এসবিআই অডিটোরিয়ামে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের লেখা ‘অসমাপ্ত আত্মজীবনী’ নিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় মূল প্রবন্ধ পড়েন বাংলা একাডেমীর মহাপরিচালক শামসুজ্জামান খান। এ ছাড়া বইটির ওপর আলোচনা করেন প্রখ্যাত নাট্য ব্যক্তিত্ব রামেন্দু মজুমদার, সাংসদ বেবী মওদুদ, কলকাতায় নিযুক্ত বাংলাদেশের উপহাইকমিশনার আবিদা ইসলাম প্রমুখ।দুই বাংলা মিলে চলচ্চিত্রশিল্প গড়ার প্রত্যয়: আজ বিকেলে কলকাতার একটি অভিজাত হোটেলে দুই বাংলা মিলে একটি চলচ্চিত্রশিল্প তৈরির প্রত্যয় ঘোষণা করা হয়েছে। ফিকি (ফেডারেশন অব ইন্ডিয়ান চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ) নামের একটি সংগঠন এ বৈঠকের আয়োজন করে। বৈঠকে দুই বাংলার চলচ্চিত্র বিশ্বের ৩০ কোটি বাঙালির কাছে পৌঁছে দেওয়ার জন্য চলচ্চিত্রশিল্প গড়ার ওপর গুরুত্ব আরোপ করা হয়। বৈঠকে উপস্থিত ছিলেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের (বিএফডিসি) ব্যবস্থাপনা পরিচালক পীযূষ বন্দ্যোপাধ্যায়, বেঙ্গল ফাউন্ডেশনের চেয়ারম্যান আবুল খায়ের, চলচ্চিত্র পরিচালক মোরশেদুল ইসলাম, ঋতুপর্ণ ঘোষ, অভিনেতা প্রসেনজিত্, ফেরদৌস, জিৎ প্রমুখ।