দক্ষিণ এশিয়া অঞ্চলে সমস্যা সমাধানে প্রয়োজন সমন্বিত উদ্যোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দক্ষিণ এশীয় অঞ্চলে নারী ও শিশুপাচার একটি বড় সমস্যা। তিনি আজ রোববার ‘দি সেভেনথ সাউথ এশিয়া মিনিস্ট্রিয়াল কনফারেন্স কমেমরেটিং বেইজিং’-এর উদ্বোধনী বক্তব্যে এ কথা বলেন। তিনি আশা প্রকাশ করেন, নারী উন্নয়নসংক্রান্ত আন্তর্জাতিক অঙ্গীকারগুলো বাস্তবায়নের দিকনির্দেশনা প্রণয়নে এ সম্মেলন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। প্রধানমন্ত্রী আরও বলেন, আর্থ-সামাজিক ও রাজনৈতিক বাস্তবতায় নারী অধিকার ইস্যুতে এ অঞ্চলের অন্যান্য সমস্যাও প্রায় অভিন্ন। তিনি এসব সমস্যা সমাধানে ঐক্যবদ্ধ প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ করেন।প্রধানমন্ত্রী আরও বলেন, নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে রাষ্ট্রীয়ভাবে এ অঞ্চলের প্রতিটি দেশেই নীতিমালা ও আইন আছে। তবে সে আইন ও নীতিগুলোর সফল বাস্তবায়নের জন্যও সবার সম্মিলিত প্রচেষ্টা ও সমন্বিত উদ্যোগ নেওয়া প্রয়োজন।প্রধানমন্ত্রী দেশের প্রেক্ষিতে জাতীয় সংসদে নারীর অংশগ্রহণ বৃদ্ধিসহ নারী উন্নয়নের বিভিন্ন পদক্ষেপ উল্লেখ করে বলেন, মাতৃত্বকালীন ছুটি চার মাস থেকে ছয় মাসে বৃদ্ধির সিদ্ধান্তটি প্রক্রিয়াধীন আছে। একইভাবে জাতীয় নারী উন্নয়ন নীতিকে আরও যুগোপযোগী করে নারী অধিকার সংরক্ষণের লক্ষ্যে কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।প্রধানমন্ত্রী জানান, নারী নির্যাতন প্রতিরোধকল্পে পারিবারিক সহিংসতা (প্রতিরোধ ও সুরক্ষা) আইন মন্ত্রিসভা নীতিগতভাবে অনুমোদন করেছে। ১৯৯৮ সালে কলম্বোয় অনুষ্ঠিত দশম সার্ক শীর্ষ সম্মেলনের প্রতিশ্রুতি অনুযায়ী সার্ক জেন্ডার ইনফো-বেইজ প্রতিষ্ঠা করা হয়েছে এবং প্রয়োজনীয় তথ্য সংগ্রহ ও সংরক্ষণ করা হচ্ছে।প্রধানমন্ত্রী বলেন, জাতীয় জীবনের সর্বস্তরে নারীর প্রতি সব ধরনের বৈষম্য দূরীকরণ এবং নারীর ক্ষমতায়নের মাধ্যমে রাষ্ট্রীয় উন্নয়ন নিশ্চিত করা বর্তমান সরকারের উন্নয়ন নীতিরই অংশ। নারীর ক্ষমতায়ন ও উন্নয়নের লক্ষ্যে বেইজিং প্লাটফরম ফর অ্যাকশনের আলোকে শিক্ষা, স্বাস্থ্য, অর্থনীতি, রাজনীতি, মানবসম্পদ উন্নয়নসহ জাতীয় জীবনের বিভিন্ন ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়ার ফলে নারীরা পরিবারে সিদ্ধান্ত গ্রহণের অংশীদার হয়েছে।প্রধানমন্ত্রী বলেন, ‘২০০১ সালে বাংলাদেশে সাধারণ নির্বাচনের পর রাজনৈতিক প্রতিহিংসার শিকার হতে হয়েছিল অনেক নারী ও শিশুকে। শত শত নারী ও শিশু ধর্ষণের শিকার হয়েছিল। এমনকি আমাদের দলকে ভোট দেওয়ার অপরাধে একটি পরিবারের ১৩ মাসের শিশুকে জ্বলন্ত চুলায় ফেলে দেওয়ার মতো অমানবিক ঘটনাও ঘটেছিল। সেই অন্ধকার সময় আমরা পার হয়ে এসেছি।’বাংলাদেশে সম্মেলনটির আয়োজন করছে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয় ও ইউনাইটেড ন্যাশনস ডেভেলপমেন্ট ফান্ড ফর উইমেন (ইউনিফেম)। তিন দিনব্যাপী সম্মেলনে সার্কভুক্ত আটটি দেশের মন্ত্রী, সরকারের উচ্চপর্যায়ের কর্মকর্তা ও এনজিও প্রতিনিধিরা অংশ নিচ্ছেন। সম্মেলনের উদ্বোধনীপর্বে সভাপতিত্ব করেন মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের সচিব তারিক-উল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শিরীন শারমিন চৌধুরী এবং ইউনিফেমের (পার্ট অব ইউএন উইমেন) আঞ্চলিক প্রোগ্রাম পরিচালক অ্যানে এফ স্টেনহেমার। সার্কভুক্ত আটটি দেশের প্রতিনিধিরা সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেন।১৯৯৫ সালে নারী উন্নয়নের ১২টি ক্ষেত্রকে চিহ্নিত করে অনুষ্ঠিত হয়েছিল বেইজিং সম্মেলন। বেইজিং সম্মেলনের পর দুই বছর পরপর সার্কভুক্ত দেশগুলোতে এ ধরনের সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। বেইজিং সম্মেলনের ১৫ বছর পূর্তিতে নারী উন্নয়নের অগ্রগতি ও নারী অধিকার, নারীর অর্থনৈতিক নিরাপত্তা এবং নারীর প্রতি সহিংসতা প্রতিরোধের বিষয়গুলো হবে এবারের সম্মেলনের আলোচনার প্রধান বিষয়বস্তু। এর আগে ২০০৮ সালে ভারতের দিল্লিতে সর্বশেষ সম্মেলনটি অনুষ্ঠিত হয়।সম্মেলনের দ্বিতীয় পর্বে বাংলাদেশ, ভুটান ও আফগানিস্তানের প্রতিনিধিরা নিজ নিজ দেশের প্রতিবেদনে অঙ্গীকার, কর্মকৌশল ও চ্যালেঞ্জগুলো উপস্থাপন করেন।