দক্ষিণ এশিয়ার সংসদগুলো ধনীদের ক্লাব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশিষ্ট অর্থনীতিবিদ ও সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) চেয়ারম্যান অধ্যাপক রেহমান সোবহান বলেছেন, ‘দক্ষিণ এশিয়ার সংসদগুলো আসলে ধনীদের ক্লাব। জনগণের ভোটের মাধ্যমে এসব সংসদ গঠিত হলেও, এখানে জনগণের স্বার্থ বিবেচ্য হয় না।’আজ শনিবার রাজধানীর একটি হোটেলে ‘দক্ষিণ এশিয়ায় সুশাসন ও জনসেবার রূপান্তর’ শীর্ষক তিন দিনের আন্তর্জাতিক সম্মেলনের দ্বিতীয় দিন রেহমান সোবহান এসব কথা বলেন। সম্মেলনে নাগরিকত্ব, গণতন্ত্র ও সুশাসনের নানা দিক নিয়ে মূল বক্তা ছিলেন তিনি।ইউএনডিপি এশিয়া-প্যাসিফিক আঞ্চলিক কেন্দ্র এবং এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে জাতিসংঘের মিলেনিয়াম ক্যাম্পেইনের সহায়তায় ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব গভর্ন্যান্স স্টাডিজ (আইজিএস) যৌথভাবে এ সম্মেলনের আয়োজন করেছে। রেহমান সোবহান বলেন, দক্ষিণ এশিয়ার রাজনীতিতে এখনো পরিবারতন্ত্রের প্রাধান্য রয়ে গেছে। সুশাসন ও গণতন্ত্রের স্থায়িত্বের জন্য এই প্রবণতা মঙ্গলজনক নয়। সিপিডির চেয়ারম্যান বলেন, গত দুই দশকে দেশের প্রধান দুই দলের কর্ণধার কোনো রাজনৈতিক আলোচনায় বসেননি। তাঁদের নেতা-কর্মীদের প্রত্যাশা থাকলেও এই দুই নেতাকে কখনো একত্রে বসতে দেখা যায়নি।