দক্ষিণ এশিয়ার সমৃদ্ধির জন্য অবিশ্বাস দূর করতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দক্ষিণ এশিয়ায় দেশগুলোর পারস্পরিক সন্দেহ ও অবিশ্বাস সহযোগিতা প্রতিষ্ঠার ক্ষেত্রে প্রধান অন্তরায়। এ অঞ্চলের দেড় শ কোটি জনগণের স্বার্থেই খোলা মনে এগিয়ে এসে সহযোগিতা বাড়ানোর উদ্যোগ নিতে হবে।আজ ঢাকায় দক্ষিণ এশিয়ার আঞ্চলিক সহযোগিতাবিষয়ক এক সেমিনারে বক্তারা এ অভিমত দেন। জাতীয় প্রেসক্লাবে বজলুর রহমান ফাউন্ডেশন ‘দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা: সমস্যা ও সম্ভাবনা’ শীর্ষক এ সেমিনারের আয়োজন করে।প্রধান অতিথির বক্তৃতায় পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি বলেন, ‘অসহযোগিতার মূল্য কত বড়, তার ভুক্তভোগী বাংলাদেশ। ভারতের সঙ্গে সম্পর্কোন্নয়ন আমাদের নিজেদের স্বার্থেই প্রয়োজন, ভারতের নয়। আর বর্তমান সরকার সে কাজটিই করছে। প্রধানমন্ত্রীর ভারত সফরের মধ্য দিয়ে আঞ্চলিক সম্ভাবনার যে নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে, তা কাজে লাগাতে বিরোধী দলের প্রয়োজনীয় সহযোগিতা প্রয়োজন রয়েছে।’দীপু মনি বলেন, ‘অমিলটাকে দূরে সরিয়ে রেখে নিজেদের স্বার্থেই মিলটাকে নিয়ে এগিয়ে যেতে হবে। সহযোগিতার ক্ষেত্র প্রসারিত করতে হবে। একা তো চলাই যায়, কিন্তু তাতে খুব বেশি অগ্রসর হওয়া যায় না। এত দিন একা চলেছি বলেই আমরা পিছিয়ে আছি। আমাদের যেমন সমস্যা আছে, সম্ভাবনাও আছে। নিজেদের সেই সম্ভাবনাকে দ্রুত কাজে লাগাতে হলে অন্য দেশের সঙ্গে সহযোগিতার বিকল্প নেই।’দীপু মনি বলেন, ‘দলীয় চিন্তা থেকে বের হয়ে এসে জনগণের স্বার্থের বিষয়টিকে প্রাধান্য দিতে হবে। শুধু সংসদে পয়েন্ট স্কোরিং দিয়ে দেশ এগোবে না। আমরা চেষ্টার ক্ষেত্রে আন্তরিক কি না, জনগণ প্রতি মুহূর্তে তা লক্ষ রাখছে। কে বিরোধী দল, কে সরকারী দল, সেটা বিবেচ্য নয়।’সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা সি এম শফি সামি বলেন, ‘অতীতে অসহযোগিতার জন্য আমাদের মতো দেশের ক্ষতি বহন করতে হয়েছে। সামনের দিনগুলোতে অনাস্থা ও অবিশ্বাস কাটিয়ে উঠে দক্ষিণ এশিয়ার দেশগুলোর ক্ষুধা ও দারিদ্র্য দূর করতে হবে।’টেলিযোগাযোগ মন্ত্রণালয়সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হাসানুল হক ইনু বলেন, দক্ষিণ এশিয়ার দেশগুলো সাম্প্রদায়িকতা, দারিদ্র্য ও জঙ্গিবাদ—এই তিন ধরনের বোমার ওপর দাঁড়িয়ে আছে। এর ফলে দেশগুলোর মধ্যে নিরাপত্তাহীনতা ও আস্থাহীনতার জন্ম নিয়েছে। এগুলো থেকে বেরিয়ে আসতে হলে দৃষ্টিভঙ্গিগত ও রাজনীতিক চেতনার পরিবর্তন আনা প্রয়োজন।সেন্টার ফর পলিসি ডায়ালগের নির্বাহী পরিচালক মোস্তাফিজুর রহমান বলেন, ‘প্রধানমন্ত্রীর ভারত সফরের মধ্য দিয়ে ভারতীয় বাজার ধরার একটি সম্ভাবনা সৃষ্টি হয়েছে। ভারত প্রতিবছর প্রায় ৩০০ বিলিয়ন মার্কিন ডলারের পণ্য আমদানি করে থাকে। আমাদের ভারতের এই বৃহত্তর বাজার ধরতে হবে।’প্রাইভেটাইজেশন কমিশনের সাবেক চেয়ারম্যান ইনাম আহমেদ চৌধুরী বলেন, প্রধানমন্ত্রীর শেখ হাসিনার সফরের মধ্য দিয়ে দ্বিপক্ষীয় সম্পর্কের ক্ষেত্রে একটি দীপ প্রজ্বলিত হয়েছে। সেটিকে দীপ্যমান রাখতে হলে অনেক কাঠ, খড় ও কেরোসিন পোড়াতে হবে।সেমিনারে সভাপতিত্ব করেন বজলুর রহমান ফাউন্ডেশনের সভাপতি খোন্দকার ইব্রাহিম খালেদ। তিনি বলেন, সংবাদপত্রের স্বাধীনতার প্রতি অবিচল ও প্রগতিশীল গণতন্ত্রের প্রতি অবিচল আস্থাশীল দৈনিক সংবাদের প্রয়াত সম্পাদক বজলুর রহমান এ অঞ্চলের নাগরিকদের জন্য একটি নতুন দক্ষিণ এশিয়া গড়ার স্বপ্ন দেখতেন।