দক্ষিণ এশিয়ায় দারিদ্র্য নির্মূলে সমন্বিত উদ্যোগ দরকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা অস্ট্রেলিয়ার পার্থে গতকাল শুক্রবার সকালে শুরু হওয়া ২১তম কমনওয়েলথ সরকার-প্রধানদের বৈঠকের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েছেন। সম্মেলনের এক ফাঁকে তিনি দক্ষিণ এশিয়ার তিন নেতার সঙ্গে পৃথক বৈঠক করেন। এ সময় তিনি দক্ষিণ এশিয়ায় দারিদ্র্য নিরসনে সমন্বিত উদ্যোগ নেওয়ার আহ্বান জানান।এবারের কমনওয়েলথ বৈঠকের মূল প্রতিপাদ্য বিষয় হচ্ছে ‘স্থিতিশীল বিশ্ব গঠনে স্থিতিশীল দেশ’। জলবায়ু পরিবর্তন, বিশ্ব অর্থনৈতিক মন্দা ও খাদ্যনিরাপত্তার নতুন নতুন চ্যালেঞ্জ মোকাবিলায় কমনওয়েলথকে জোরদার করার আহ্বানের মধ্য দিয়ে রানি দ্বিতীয় এলিজাবেথ তিন দিনব্যাপী বৈঠকের উদ্বোধন করেন।রানি দ্বিতীয় এলিজাবেথ কমনওয়েলথ সরকারপ্রধানদের বৈঠকে স্থায়ী ফল অর্জনের আহ্বান জানিয়ে বলেন, ‘আমি আশা করছি, সরকারপ্রধানেরা আজকের আশা-আকাঙ্ক্ষার জোরালো রূপ দিতে পারেন। আমি বিশ্বাস করি, এই সম্মেলনের ফল হবে ইতিবাচক ও স্থায়ী।’অস্ট্রেলিয়ার আদিবাসীদের ঐতিহ্যবাহী মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে বৈঠকের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ কমনওয়েলথ সদস্যভুক্ত রাষ্ট্র ও সরকারপ্রধানদের মধ্যে ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন ও কানাডার প্রধানমন্ত্রী উইলিয়াম হার্পার উপস্থিত ছিলেন।এ বছর বৈঠকের মূল প্রতিপাদ্য বিষয়ে দেশগুলোর একক রাষ্ট্র হিসেবে, কমনওয়েলথ সদস্য হিসেবে ও বিশ্ব সম্প্রদায়ের অংশ হিসেবে বিভিন্ন পর্যায়ের চ্যালেঞ্জ মোকাবিলার বিষয়টিকে গুরুত্ব দেওয়া হয়েছে।অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী জুলিয়া গিলার্ড, কমনওয়েলথ মহাসচিব কমলেশ শর্মা, কমনওয়েলথের বিদায়ী চেয়ারপারসন এবং ত্রিনিদাদ ও টোবাগোর প্রধানমন্ত্রী কমলা প্রসাদ বৈঠকের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তৃতা করেন।উদ্বোধনী অনুষ্ঠানে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী জুলিয়া গিলার্ড বলেন, কমনওয়েলথ সরকারপ্রধানদের এই বৈঠক বাণিজ্য ও বিনিয়োগসুবিধা জোরদার, জনগণের মধ্যে সম্পর্ক স্থাপন এবং পারস্পরিক মূল্যবোধ বিনিময়ের এক অপূর্ব সুযোগ এনে দিয়েছে। তিন নেতার সঙ্গে বৈঠক: কমনওয়েলথ সরকারপ্রধানদের বৈঠকের পাশাপাশি গতকাল পার্থ কনভেনশন অ্যান্ড এক্সিবিশন সেন্টারের (পিসিইসি) বোর্ডরুমে শ্রীলঙ্কার প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপক্ষে, মালদ্বীপের প্রেসিডেন্ট মোহামেদ নাসিদ ও পাকিস্তানের প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানির সঙ্গে পৃথক বৈঠক করেন। এসব বৈঠকে প্রধানমন্ত্রী দক্ষিণ এশিয়াকে দারিদ্র্যের অভিশাপমুক্ত করতে আরও সমন্বিত প্রচেষ্টা চালানোর আহ্বান জানান।প্রধানমন্ত্রী বলেন, ‘দারিদ্র্য দক্ষিণ এশিয়ার দেশগুলোর উন্নয়নে প্রধান বাধা। এর অভিশাপ থেকে এ অঞ্চলকে মুক্ত করতে আমাদের সমন্বিত প্রচেষ্টা চালাতে হবে।’মালদ্বীপের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠককালে শেখ হাসিনা আসন্ন ১৭তম সার্ক শীর্ষ সম্মেলনের প্রস্তুতি নিয়ে আলোচনা করেন। আগামী ১০ ও ১১ নভেম্বর মালদ্বীপে সার্ক শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে।এসব বৈঠকে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি, প্রধানমন্ত্রীর বিশেষ দূত এম জিয়াউদ্দিন, মুখ্য সচিব শেখ ওয়াহিদুজ্জামান, পররাষ্ট্রসচিব মিজারুল কায়েস ও প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ।প্রধানমন্ত্রী একই বোর্ডরুমে সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী লি সিয়েন লুংয়ের সঙ্গে বৈঠক করেন। এ সময় তিনি সরকারি-বেসরকারি অংশীদারির আওতায় রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলসহ বাংলাদেশের বিভিন্ন খাতে আরও বিনিয়োগের জন্য সিঙ্গাপুরের প্রতি আহ্বান জানান।এদিকে অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী কেভিন রাড শেখ হাসিনার সঙ্গে তাঁর হোটেল স্যুটে সাক্ষাৎ করেন। এ সময় উভয়ে দুই দেশের ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণসহ দ্বিপক্ষীয় স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।এ ছাড়া প্রধানমন্ত্রী কমনওয়েলথ মহাসচিব কমলেশ শর্মা আয়োজিত এক সংবর্ধনায় যোগ দেন। এতে কমনওয়েলথভুক্ত দেশের নেতারা বিভিন্ন আঞ্চলিক বিষয় ও আন্তর্জাতিক আর্থসামাজিক ইস্যু নিয়ে মতবিনিময় করেন।একমাত্র বিদেশি বীর প্রতীকের প্রতি শ্রদ্ধা নিবেদন: শেখ হাসিনা মুক্তিযোদ্ধা হিসেবে ঐতিহাসিক অবদানের জন্য বীর প্রতীক মর্যাদা লাভকারী একমাত্র বিদেশি নাগরিক ডব্লিউ এ এস উডারল্যান্ডের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়েছেন। এ সময় যুদ্ধাপরাধীদের বিচারকাজে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরোধিতার সমালোচনা করে প্রধানমন্ত্রী সাংবাদিকদের বলেন, বিষয়টি অত্যন্ত দুঃখজনক। প্রধানমন্ত্রী বলেন, ‘জনগণের আশা-আকাঙ্ক্ষা অনুযায়ী যুদ্ধাপরাধীদের বিচারের প্রক্রিয়া চলছে। কিন্তু দুঃখজনকভাবে আমাদের বিরোধীদলীয় নেতা এ ব্যাপারে আপত্তি জানিয়েছেন।’ তিনি বলেন, ‘যুদ্ধাপরাধীদের বিচার দেশের যুবসমাজ এবং সব মানুষের দাবি। যুদ্ধাপরাধীদের বিচার অবশ্যই হবে।’প্রধানমন্ত্রী মুক্তিযুদ্ধে উডারল্যান্ডের মহান অবদানের কথা স্মরণ করে বলেন, ‘আমাদের মাতৃভূমির জন্য যেভাবে একজন বিদেশি লড়াই করেছেন, সেই তথ্য জানা বাংলাদেশের যুবসমাজের জন্য একটি বিরাট বিষয়।’