দক্ষিণ এশিয়ায় শান্তি স্থিতিশীলতা প্রতিষ্ঠায় বাংলাদেশ দৃঢ়প্রতিজ্ঞ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দক্ষিণ এশিয়ায় শান্তি, স্থিতিশীলতা ও উন্নয়নের বিকাশে বাংলাদেশ এ অঞ্চলের দেশগুলোর সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার ওপর অগ্রাধিকার দিয়ে থাকে। প্রতিবেশী সব দেশের সঙ্গেই সুসম্পর্ক রাখতে বাংলাদেশ দৃঢ়প্রতিজ্ঞ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল মঙ্গলবার ভুটানের রাজধানী থিম্পুতে পাকিস্তানের প্রধানমন্ত্রী সৈয়দ ইউসুফ রাজা গিলানির সঙ্গে আলোচনার সময় এ মন্তব্য করেছেন। গিলানি সার্ক ভিলেজের ‘বাংলাদেশ হাউস’-এ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাত্ করতে গিয়েছিলেন। ষোড়শ সার্ক শীর্ষ সম্মেলনে অংশ নিতে তাঁরা এখন ভুটানে অবস্থান করছেন। আজ থিম্পুতে দুই দিনের এ শীর্ষ সম্মেলন শুরু হচ্ছে। প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ সাংবাদিকদের জানান, সার্ককে একটি কার্যকর জোটে পরিণত করতে সব দেশের একসঙ্গে কাজ করার ওপর গুরুত্ব দেন শেখ হাসিনা। বর্তমানে সার্কভুক্ত সব দেশে গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারের দেশ পরিচালনার বিষয়টি উল্লেখ করে শেখ হাসিনা বলেন, এ অঞ্চলের কাঙ্ক্ষিত উন্নয়নের স্বার্থে গণতন্ত্র ও সংসদকে শক্তিশালী করা অত্যন্ত জরুরি। বাংলাদেশ ও পাকিস্তানের বাণিজ্য ঘাটতি কমানোর বিষয়ে তিনি বলেন, বাণিজ্য সম্প্রসারণের মাধ্যমে সমস্যা দূর করার সুযোগ রয়েছে। শেখ হাসিনা আশা প্রকাশ করেন, পাকিস্তানের বিনিয়োগকারীরা বাংলাদেশে ওষুধ, বস্ত্র, টেলিযোগাযোগ, তথ্যপ্রযুক্তি ও কৃষিখাতে বিনিয়োগে এগিয়ে আসবেন। মঙ্গলবার দুপুরে ভুটানের প্রধানমন্ত্রী জিগমে ওয়াই থিনলের সঙ্গে সৌজন্য সাক্ষাতের মধ্য দিয়ে থিম্পুতে শেখ হাসিনার ব্যস্ত দিনের সূচনা হয়। শেখ হাসিনা এ সময় থিনলেকে জানান, এ অঞ্চলের আর্থ-সামাজিক উন্নয়নের লক্ষ্যে সার্ককে একটি কার্যকর জোটে পরিণত করতে তিনি একসঙ্গে কাজ করতে বদ্ধপরিকর। এরপর শেখ হাসিনার সঙ্গে দেখা করেন ভুটানের বিরোধীদলীয় নেতা শ্রিং টোবগে। ‘মালদ্বীপ হাউস’-এ প্রধানমন্ত্রী শেখ হাসিনা মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ নাশিদের সঙ্গে সৌজন্য সাক্ষাত্ করেন। দক্ষিণ এশিয়ার এ দুটি দেশই জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকার বিষয়টি তাঁদের আলোচনায় প্রাধান্য পায়। দুই নেতা অন্য দ্বিপক্ষীয় বিষয়গুলো নিয়েও কথা বলেন। সন্ধ্যায় শেখ হাসিনা আফগানিস্তানের প্রেসিডেন্ট হামিদ কারজাইয়ের সঙ্গে সৌজন্য সাক্ষাত্ করতে ‘আফগান হাউস’-এ যান। দক্ষিণ এশিয়ায় শান্তি ও স্থিতিশীলতা সুসংহত করতে দুই নেতা সন্ত্রাস ও জঙ্গিবাদ মোকাবিলার ওপর গুরুত্ব দেন। বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে আলোচনার সময় প্রধানমন্ত্রীর সঙ্গে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি, বন ও পরিবেশ প্রতিমন্ত্রী হাছান মাহমুদ ও প্রধানমন্ত্রীর বিশেষ দূত জিয়াউদ্দিন। ষোড়শ সার্ক শীর্ষ সম্মেলনে যোগ দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল মঙ্গলবার সকালে ভুটান পৌঁছান। শেখ হাসিনা ভুটানে ৪৮ সদস্যের বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন।