দক্ষিণ এশিয়ায় সামরিক মৈত্রী গড়তে চায় চীন
দক্ষিণ এশিয়ার প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সামরিক সম্পর্কের উন্নয়নকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে নিচ্ছে এশিয়ার প্রভাবশালী রাষ্ট্র চীন। তৃতীয় কোনো দেশকে লক্ষ্যবস্তুতে পরিণত করা এ সম্পর্কোন্নয়নের উদ্দেশ্য নয়। শ্রীলঙ্কায় পাঁচ দিনের রাষ্ট্রীয় সফরে থাকা চীনের প্রতিরক্ষামন্ত্রী লিয়াং গুয়াংলি বলেন, আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতার স্বার্থে এ ধরনের ঘনিষ্ঠ সামরিক সম্পর্ক দরকার। শ্রীলঙ্কার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে চীনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়ানেট ডটকম জানায়, শ্রীলঙ্কা ও চীন সামরিক বন্ধন শক্তিশালী করতে চায়। চীনের প্রতিরক্ষামন্ত্রী লিয়াং গুয়াংলি ও শ্রীলঙ্কার প্রতিরক্ষামন্ত্রী গোতাবায়া রাজপক্ষের মধ্যে এক বৈঠকের পর এ তথ্য প্রকাশ করা হয়। ওই বৈঠকে লিয়াং বলেন, বিভিন্ন খাতে পারস্পরিক বিনিময় ও সহযোগিতা বেগবান হওয়ায় দুই দেশ রাজনৈতিক আস্থা বাড়িয়েছে। তিনি আশা প্রকাশ করেন, অগতানুগতিক নিরাপত্তা জোরদার করা এবং যৌথভাবে সংকট মোকাবিলার সামর্থ্য উন্নয়নের জন্য দুই দেশই ঘনিষ্ঠ ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখতে কাজ করে যাবে।একই বৈঠকে গোতাবায়া রাজাপক্ষে বলেন, প্রয়োজনের সময় চীনের কার্যকর সহায়তা বৃদ্ধির বিষয়টি অত্যন্ত তাত্পর্যপূর্ণ মনে করছে তাঁর দেশ। শ্রীলঙ্কার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আমন্ত্রণে গত বুধবার পাঁচ দিনের রাষ্ট্রীয় সফরে কলম্বো যান চীনের প্রতিরক্ষামন্ত্রী লিয়াং। চীনের কোনো প্রতিরক্ষামন্ত্রী এই প্রথম দ্বীপরাষ্ট্রটিতে পা রাখলেন।