দক্ষিণ এশীয় গেমস আজ ঢাকায় শুরু
১৬ বছর পর আরেকটি দক্ষিণ এশীয় গেমসের আয়োজক হওয়ার গর্বিত অনুভূতি ছুঁয়ে যাচ্ছে এখন বাংলাদেশকে।আজ বিকেল সাড়ে তিনটায় বঙ্গবন্ধু স্টেডিয়ামে একাদশ দক্ষিণ এশীয় গেমসের উদ্বোধন। এর মধ্য দিয়ে বাংলাদেশ পাবে তৃতীয়বারের মতো এই গেমস আয়োজনের স্বাদ। ১৯৮৫ আর ১৯৯৩ সালের সফল দুটি আয়োজনের পাশে এবারেরটি কত নম্বর পাবে, সেটির হিসাব-নিকাশ শুরু হয়ে গেছে এরই মধ্যে। ১২ দিনের আয়োজন সফল করতে বছরখানেক আগেই হয়তো কাজে ঝাঁপিয়ে পড়া দরকার ছিল। কিন্তু বাংলাদেশ নড়েচড়ে বসল শেষ সময়ে। লাল ফিতায় আটকে থাকল অনেক সিদ্ধান্ত, শেষ পর্যন্ত তা থেকে বেরিয়ে আসা গেলেও নিজেদের খেলোয়াড়দের বাড়তি সুবিধাটা দেওয়া গেল না। ভেন্যু সংস্কার আর নতুন ভেন্যু তৈরি হলো শেষ সময়ে, তাড়াহুড়োর কারণে সেগুলোর কাজের মান নিয়ে প্রশ্ন রয়েই গেল।এসব নিয়ে এখন আর ভাবার সময় নেই। এখন সময় মাঠের খেলার, যাতে অংশ নিচ্ছে দক্ষিণ এশিয়ার ৮ দেশের মোট ১৭৯৩ জন ক্রীড়াবিদ। লড়াই ১৫৮টি সোনার জন্য। এই ক্রীড়াবিদদের সঙ্গী ৭ শতাধিক কর্মকর্তা। ক্রীড়াবিদদের বড় অংশটা চলে এলেও বাকি অংশ আসছে কয়েক দিন পর, তাদের খেলা এখনই নয় বলে।খেলাও কম নয়—মোট ২৩টি! গেমসের ইতিহাসে যা রেকর্ড। গতবারের ২০টি খেলাই ছিল আগের রেকর্ড। এবারই প্রথম গেমস ক্রিকেট, গলফ ও হ্যান্ডবল দেখছে।খেলা শুরুর আগ পর্যন্ত সবচেয়ে আলোচিত বিষয় একটাই—৪০ কোটি টাকার উদ্বোধনী ও সমাপনী অনুষ্ঠান। এরই মধ্যে উদ্বোধনী অনুষ্ঠান নিয়ে বেশ আগ্রহ দেখা যাচ্ছে, যা উদ্বোধন করবেন গেমসের প্রধান পৃষ্ঠপোষক প্রধানমন্ত্রী শেখ হাসিনা।অ্যাকুয়াটিক শো অনুষ্ঠানের বড় আকর্ষণ বলে দাবি আয়োজকদের। বিশেষভাবে নির্মিত মঞ্চে পানির ফোয়ারা আর আলোকরশ্মির মধ্যে নাচ-গানের পর্ব, বাংলাদেশের দর্শকদের জন্য এই প্রথম হলেও মাঠে বসে ৪-৫ হাজারের বেশি দর্শক সেটি দেখার সুযোগ পাবেন না। শেষ পর্যন্ত অবশ্য কোনো টিকিটই বিক্রি করা হবেনা, এমনই আভাস। সুতরাং বিটিভিই ভরসা! তবে বিটিভির সঙ্গে গেমসের অন্যান্য খেলা সরাসরি সম্প্রচার করতে এগিয়ে এসেছে প্রায় সবগুলো বেসরকারি চ্যানেলই। ভালো ফলের জন্য বাংলাদেশ দল ভরসা মানছে দেশের মাটি আর দীর্ঘ মেয়াদে অনুশীলন করার সুযোগকে। এ কারণেই এবার স্বাগতিক দল এতই আশাবাদী যে, ২০টির বেশি সোনা আসবে। খোদ ক্রীড়া প্রতিমন্ত্রীরই এমন আশা! যেকোনো গেমসের আগেই আশা-নিরাশার দোলায় দোলে বাংলাদেশ, এবার সবদিক দিয়েই একটু বেশিই যেন আত্মবিশ্বাসী দেখাচ্ছে বাংলাদেশ দলকে। এটা একটা পরীক্ষাও। দীর্ঘ এক বছরেরও বেশি সময় ধরে নেওয়া অনুশীলনের ফল কী হলো, এখন সেটি মাঠেই দেখানোর পালা। ‘মাঠ’ বলতে শুধু ঢাকা নয়, এবার পাঁচটি বিভাগীয় শহরে খেলা হচ্ছে। খেলাটাকে সারা দেশে ছড়িয়ে দেওয়ার চিন্তা থেকেই এই উদ্যোগ; যা শেষ হবে ৯ ফেব্রুয়ারি।