দক্ষিণ এশীয় প্রামাণ্য চলচ্চিত্র উত্সব তারেক মাসুদকে উত্সর্গ
গত ২৯ সেপ্টেম্বর থেকে ২ অক্টোবর পর্যন্ত কাঠমান্ডুতে অনুষ্ঠিত হলো দক্ষিণ এশীয় প্রামাণ্য চলচ্চিত্র উত্সব। এবারের উত্সবটি উত্সর্গ করা হয় গত ১৩ আগস্ট মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত চলচ্চিত্র-নির্মাতা তারেক মাসুদকে। অকাল প্রয়াত এই নির্মাতার সহযোগী ও সহধর্মিণী ক্যাথরিন মাসুদ উত্সবের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সেখানে তিনি স্বাগত বক্তব্যও দেন।এবারের উত্সবে ‘তারেক মাসুদ ডেব্যু ফিল্ম অ্যাওয়ার্ড’ নামে একটি নতুন অ্যাওয়ার্ড চালু করা হয়। এ ছাড়া উত্সবে আলোচনার অংশটুকু ‘তারেক মাসুদ মেমোরিয়াল ডায়ালগ’ হিসেবে ঘোষিত হয়। এতে অংশ নেন দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশের খ্যাতিমান চলচ্চিত্রকার।ক্যাথরিন মাসুদ তাঁর স্বাগত বক্তব্যে তারেক মাসুদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, ‘তারেক মাসুদ ছিলেন একজন যথার্থ স্বাপ্নিক। এখন যদি তাঁর কিছু বেঁচে থাকে, সে হচ্ছে তাঁর স্বপ্নগুলো।’ চলচ্চিত্রকার হিসেবে সমাজের প্রতি তারেক মাসুদের ভূমিকার কথা উল্লেখ করে দর্শকের প্রতি তাঁর শ্রদ্ধা ও দায়বদ্ধতার কথা বলেন ক্যাথরিন। তিনি জানান, তারেক মাসুদ তরুণদের জন্য অনেক বড় প্রেরণার উত্স ছিলেন।উত্সব পরিচালক কনক দীক্ষিত তাঁর বক্তব্যে জানান, এই উত্সবের সঙ্গে তারেক মাসুদের সম্পৃক্ততার কথা। ১৯৯৭ সালে উত্সবের প্রথম বছরেই সেখানে তারেক মাসুদ ও ক্যাথরিন মাসুদ নির্মিত ‘মুক্তির গান’-এর প্রদর্শন ও পুরস্কার প্রাপ্তির কথা স্মরণ করেন। ‘তারেক মাসুদ মেমোরিয়াল ডায়ালগ’ অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ভারতীয় চিত্রগ্রাহক ও জুরি বোর্ডের সভাপতি সতীশ শর্মা, বাংলাদেশি প্রামাণ্যচিত্র নির্মাতা ইয়াসমিন কবির ও ভারতীয় নির্মাতা নূপুর বসু।উত্সবের সমাপনী অংশে পুরস্কারপ্রাপ্তদের হাতে অ্যাওয়ার্ড তুলে দেন উত্সবের প্রধান অতিথি ক্যাথরিন মাসুদ। এবারের উত্সবে নেপালের নির্মাতা দীপেন্দ্র ভান্ডারি তাঁর ‘জার্নি টু ইয়াসরা’ প্রামাণ্যচিত্রের জন্যে ‘তারেক মাসুদ ডেব্যু ফিল্ম অ্যাওয়ার্ড’ পান। উত্সবের সেরা ছবি হিসেবে রাম বাহাদুর ট্রফি অর্জন করে ভারতীয় চলচ্চিত্র-নির্মাতা আনন্দ পাটবর্ধনের ‘জয় ভীম কমরেড’ ছবিটি। এই ছবিটি নির্মাতা উত্সবে যোগ দেওয়ার আগেই তারেক মাসুদকে উত্সর্গ করা হয়।