দক্ষিণ কেরানীগঞ্জে বাস-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ৪
ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে আজ শনিবার দুপুরে যাত্রীবাহী বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত ও অন্তত চারজন আহত হয়েছেন। ঢাকা-মাওয়া মহাসড়কের দক্ষিণ কেরানীগঞ্জের বেড়িবাঁধ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহত ব্যক্তিরা হলেন: আলী আকবর (৩০), মোহন (২৫), অজ্ঞাত শিশু (৬) ও অজ্ঞাত মহিলা (২৫)। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বেলা একটায় বেড়িবাঁধ এলাকায় ঢাকা থেকে মাওয়াগামী আনন্দ পরিবহনের যাত্রীবাহী একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই চারজনের মৃত্যু হয়। আহত ব্যক্তিদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় বিক্ষুব্ধ জনতা আনন্দ পরিবহনের বাসটিতে আগুন ধরিয়ে দেন। এতে ঢাকা-মাওয়া মহাসড়কে এক ঘণ্টা সব ধরনের যান চলাচল বন্ধ থাকে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ব্যাপারে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় মামলা হয়েছে।