দক্ষিণ কেরানীগঞ্জে ব্যবসায়ীর বাড়িতে চুরি, আটক ২
ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের হাসনাবাদ এলাকায় গতকাল শুক্রবার দিবাগত রাতে এক চাল ব্যবসায়ীর বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। চোরের দল কলাপসিবল গেটের তালা ভেঙে বাড়ির তৃতীয় তলা থেকে নগদ অর্থসহ প্রায় সাড়ে ১০ ভরি স্বর্ণালংকার নিয়ে গেছে। এলাকাবাসী পালানোর সময় দুজন চোরকে হাতেনাতে ধরে পুলিশে সোপর্দ করেছে।এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল রাত সাতটার দিকে হাসনাবাদ এলাকার চাল ব্যবসায়ী আবদুর রশিদের বাড়ির কলাপসিবেল গেট ভেঙে তৃতীয় তলায় তিনজন চোর ঢুুকে পড়ে। তারা ঘরের শোকেস ও আলমারি ভেঙে প্রায় সাড়ে ১০ ভরি স্বর্ণালংকার ও এক লাখ ৬৩ হাজার টাকা হাতিয়ে নেয়। এ সময় আবদুর রশিদের ছোট ছেলে আমজাদ হোসেন টের পেয়ে তৃতীয় তলা ওঠে দুর্বত্তদের দেখে চিত্কার দেয়। এরপর চোরেরা পালানোর চেষ্টা করলে এলাকাবাসী ধাওয়া করে দুজনকে আটক করে। তাঁরা হলেন—মোহাম্মদ মাসুদ (৩২) ও রবিন (৪২)। তাঁদেরকে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে। এ দুজনের কাছ থেকে ৪৫ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবুল বাশার জনান, এ ব্যাপারে বাড়ির মালিক আবদুর রশিদ বাদী হয়ে একটি চুরির মামলা দায়ের করেছেন।