দক্ষিণ কোরিয়া যেতে ইচ্ছুক তরুণদের অনশন ভাঙালেন সচিব
দক্ষিণ কোরিয়া যেতে না পেরে অনশন শুরু করা ৪০৪ জন তরুণের অনশন ভাঙিয়েছেন প্রবাসীকল্যাণ সচিব জাফর আহমেদ খান। আজ শনিবার বেলা ১১টায় তিনি তাঁদের অনশন ভাঙান।সরকারি জনশক্তি রপ্তানিকারক প্রতিষ্ঠান বোয়েসেলের অব্যবস্থাপনার কারণে কোরিয়া যেতে পারছেন না—এমন অভিযোগে এ ৪০৪ জন তরুণ ৪ জুলাই থেকে প্রেসক্লাবের সামনে অনশন শুরু করেন।অনশনকারী দেলোয়ার হোসেন প্রথম আলোকে বলেন, সরকার তাঁদের দাবি মেনে নিয়ে দক্ষিণ কোরিয়া যাওয়ার ব্যাপারে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়ায় তাঁরা অনশন ভেঙেছেন।প্রসঙ্গত, অনশনকারীদের দাবি, দক্ষিণ কোরিয়ায় যাওয়ার জন্য ভাষা পরীক্ষার প্রয়োজন হয়। সে অনুযায়ী তাঁরা ভাষা পরীক্ষা দেন এবং উত্তীর্ণ হন। এরপর সব প্রস্তুতি শেষ করে তাঁরা কোরিয়া যাওয়ার জন্য অপেক্ষা করছিলেন। কিন্তু দীর্ঘ দুই বছরেও তাঁরা যেতে পারেননি। এর মধ্যে ২৩৭ জনের ভাষা পরীক্ষার ফলের মেয়াদ পেরিয়ে যায়। কিন্তু তার পরও তাঁরা যেতে পারছেন না। এ ছাড়া দক্ষিণ কোরিয়াগামীদের তালিকা থেকে আরও ১৬৭ জনকে বাদ দেওয়া হয়েছে। এ ৪০৪ জন আমরণ অনশন করার সিদ্ধান্ত নেন।তবে বোয়েসেলের দাবি, ২০০৮ সালে কোরিয়া ভাষা পরীক্ষার মাধ্যমে মোট সাত হাজার ৯৩৫ জন প্রার্থী উত্তীর্ণ হয়েছেন। এর মধ্যে ইতিমধ্যে পাঁচ হাজার ৮৬৫ জন কর্মী দক্ষিণ কোরিয়া গেছেন এবং এক হাজার ২২২ জন যাওয়ার প্রক্রিয়ায় আছেন। কিছু প্রার্থীকে যুক্তিসংগত কারণেই তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। বয়স ৪০ বছর অতিক্রম করলে, ভাষা পাসের মেয়াদ শেষ হয়ে গেলে কিংবা যেকোনো পর্যায়ে সে কোরিয়ায় অবৈধ ছিল মর্মে প্রমাণ পাওয়া গেলে এবং কোনো প্রার্থীর নাম যদি দুবার থাকে, তাহলে তাঁকে তালিকা থেকে তাঁর নাম বাদ দেওয়া হয়।