দক্ষিণ কোরিয়ায় নতুন মার্কিন স্টিলথ বিমান
দক্ষিণ কোরিয়ার সামরিক মহড়ায় অংশ নিতে এফ-২২ নামের স্টিলথ জঙ্গি বিমান পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। উত্তর কোরিয়ার অব্যাহত সামরিক হামলার হুমকির মুখে দক্ষিণ কোরিয়াকে রক্ষা করার অঙ্গীকার পূরণে এই বিমান পাঠানো হয়েছে বলে মার্কিন সেনা কমান্ডের এক বিবৃতিতে জানানো হয়। খবর রয়টার্সের। রাডার ফাঁকি দেওয়ার উন্নত প্রযুক্তিসম্পন্ন এ বিমান দক্ষিণ কোরিয়ায় অবস্থিত যুক্তরাষ্ট্রের ওসান বিমানঘাঁটিতে মোতায়েন করা হয়েছে।উচ্চক্ষমতাসম্পন্ন এই জঙ্গি বিমান যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার বার্ষিক যৌথ সামরিক মহড়ায় (ঈগল মিলিটারি ড্রিল) অংশ নেবে।গতকাল দক্ষিণ কোরিয়ায় নিযুক্ত মার্কিন সামরিক কমান্ড এক বিবৃতিতে উত্তর কোরিয়ার প্রতি সংযত হওয়ার আহ্বান জানিয়েছেন। বিবৃতিতে বলা হয়, হুমকি দিয়ে বা উসকানিমূলক আচরণ করে উত্তর কোরিয়া কোনো কিছু অর্জন করতে পারবে না। এর মধ্য দিয়ে তারা কেবল বিচ্ছিন্নই হয়ে পড়বে, যা উত্তর-পূর্ব এশিয়ার শান্তি ও স্থিতিশীলতা রক্ষার প্রচেষ্টাকে ব্যাহত করবে।এদিকে, কোরীয় উপদ্বীপের চলমান সংকট কূটনৈতিক তত্পরতার মাধ্যমে সমাধানের আহ্বান জানিয়েছেন পোপ ফ্রান্সিস। গতকাল ইস্টার সানডের ভাষণে তিনি এ আহ্বান জানান।