দক্ষিণ কোরিয়ার কাছে খাদ্য সাহায্য চাইল উত্তর কোরিয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বন্যায় আক্রান্ত উত্তর কোরিয়া তার প্রতিবেশী দক্ষিণ কোরিয়ার কাছে চাল সাহায্য চেয়েছে। দক্ষিণ কোরিয়ার একত্রীকরণ মন্ত্রণালয় আজ এ খবর নিশ্চিত করে কোরীয় উপদ্বীপে বিরাজমান উত্তেজনা কমার ইঙ্গিত দিয়েছে।গত সপ্তাহে সিউল পিয়ংইয়ংকে ১০ বিলিয়ন ইউয়ান জরুরি সাহায্য দেওয়ার প্রস্তাব দিয়েছিল। প্রস্তাবিত এ সাহায্য সামগ্রীর মধ্যে ছিল খাদ্য এবং প্রাথমিক সেবাসামগ্রী। দক্ষিণ কোরিয়ার ওই সাহায্য প্রস্তাবে অবশ্য চাল ও নির্মাণসামগ্রী অন্তর্ভুক্ত ছিল না।পিয়ংইয়ং তাদের দেশের রেড ক্রসের মাধ্যমে দক্ষিণ কোরিয়ার কাছে এই সাহায্যের আবেদন জানিয়েছে বলে দক্ষিণ কোরিয়ার ‘দুই কোরিয়া একত্রীকরণ মন্ত্রণালয়’ নিশ্চিত করেছে। কর্তৃপক্ষ জানিয়েছে, উত্তর কোরিয়ার প্রস্তাবটি পর্যালোচনা করে দেখা হচ্ছে।গত জুন ও আগস্ট মাসের প্রবল বৃষ্টিপাতে উত্তর কোরিয়ায় ভয়াবহ বন্যা দেখা দেয়। এ বন্যায় দেশটির খাদ্য উত্পাদন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ফলে দেশটিতে খাদ্যের ঘাটতি দেখা দিয়েছে। দক্ষিণ কোরিয়ার আশঙ্কা, সাহায্য দেওয়া হলেও দুর্গত লোকজনের মধ্যে পিয়ংইয়ং এই চাল সরবরাহ করতে ব্যর্থ হবে।এদিকে গত সোমবার উত্তর কোরিয়া তাদের দেশে আটক দক্ষিণ কোরিয়ার মাছ ধরার নৌকাসহ সাত জেলেকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। আটক হওয়া জেলেদের মধ্যে তিনজন চীনা নাগরিকও রয়েছেন। তাঁদের আজ দক্ষিণ কোরিয়ার কাছে হস্তান্তর করা হতে পারে।গত মার্চে উত্তর কোরিয়ার টর্পেডোর আঘাতে দক্ষিণ কোরিয়ার যুদ্ধজাহাজ ডুবে যাওয়ার কথিত অভিযোগ নিয়ে দেশ দুটির মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। ওই ঘটনার পর যুক্তরাষ্ট্র উত্তর কোরিয়ার ওপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করে এবং দক্ষিণ কোরিয়া ওয়াশিংটনের পদক্ষেপকে স্বাগত জানায়। এর পরই দক্ষিণ কোরিয়া উত্তর কোরিয়াকে ১০ বিলিয়ন ইউয়ান জরুরি সাহায্য দেওয়ার প্রস্তাব দেয়।—রয়টার্স