দক্ষিণ কোরিয়ার সঙ্গে শান্তিচুক্তি ভঙ্গ উত্তরের
দক্ষিণ কোরিয়ার সঙ্গে ‘কোনো ধরনের আগ্রাসন না চালানো’র চুক্তি বাতিল করার ঘোষণা দিয়েছে উত্তর কোরিয়া। একই সঙ্গে সিউলের সঙ্গে ‘হটলাইন’ ও দুই দেশের আন্তসীমান্ত যোগাযোগও বন্ধ করার ঘোষণা দিয়েছে তারা। উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থার বিবৃতির বরাত দিয়ে আজ শুক্রবার রয়টার্সের খবরে এ কথা জানানো হয়।উত্তর কোরিয়ার পারমাণবিক কর্মসূচি বন্ধে জাতিসংঘ নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করার পর এ ঘোষণা দিল দেশটি। বিবৃতিতে বলা হয়, উত্তর কোরিয়া দক্ষিণের সঙ্গে সব অনাক্রমণ চুক্তি বাতিল করছে। একই সঙ্গে উভয় দেশের মধ্যবর্তী ‘অসামরিক এলাকা’ পানমুনজম সীমান্ত যোগাযোগও বন্ধ করে দেওয়া হবে। অবিলম্বে উত্তর-দক্ষিণ ‘হটলাইন’ বন্ধ করার বিষয়ে দক্ষিণ কোরিয়াকে জানানো হয়।রয়টার্সের খবরে বলা হয়, উত্তর কোরিয়ার শীর্ষ নেতা কিম জং-উন সামরিক বাহিনীর শীর্ষ পর্যায়ের একটি দলের সঙ্গে দেখা করেছেন। শত্রুকে যেকোনো মুহূর্তে পুরোপুরি ধ্বংস করতে প্রস্তুত থাকার জন্য তাদের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। এ সময় তিনি পশ্চিম সাগরের পাঁচটি দ্বীপে শত্রুদের সম্ভাব্য হামলার বিষয়ে তাদের নিশ্চিত করেছেন।গতকাল বৃহস্পতিবার ভোটাভুটির মাধ্যমে উত্তর কোরিয়ার ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। জাতিসংঘের এ নিষেধাজ্ঞায় সম্মতি জানিয়েছে চীন।এদিকে, নিরাপত্তা পরিষদের এ ভোটাভুটির আগে পিয়ংইয়ং অভিযোগ তোলে, যুদ্ধ শুরুর জন্য যুক্তরাষ্ট্র চাপ সৃষ্টি করছে।