দক্ষিণ কোরিয়ার সঙ্গে সেনাপর্যায়ে শান্তি আলোচনার প্রস্তাব দিয়েছে উত্তর কোরিয়া
উত্তর কোরিয়া প্রতিদ্বন্দ্বী দক্ষিণ কোরিয়ার সঙ্গে সেনাপর্যায়ে আলোচনার প্রস্তাব দিয়েছে। যাকে কোরীয় উপদ্বীপে দেশ দুটির মধ্যে সম্পর্কোন্নয়নের একটি পদক্ষেপ হিসেবে আখ্যায়িত করা হচ্ছে। দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইয়নহাপ আজ বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছে।গত মার্চে উত্তর কোরিয়ার টর্পেডোর আঘাতে দক্ষিণ কোরিয়ার নৌবাহিনীর একটি জাহাজ ডুবে ৪৬ জন নাবিক নিহত হওয়ার পর থেকেই দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক উত্তপ্ত হতে থাকে। নাবিক নিহত হওয়ার ঘটনায় দক্ষিণ কোরিয়া সরাসরি উত্তর কোরিয়াকে দায়ী করে। উত্তর কোরিয়া অবশ্য এ অভিযোগ অস্বীকার করে আসছে।সিউলে দক্ষিণ কোরিয়ার ঊর্ধ্বতন সেনা কর্মকর্তাদের বরাত দিয়ে ইয়নহাপ জানায়, উত্তর কোরিয়ার পক্ষ থেকে এ নতুন আলোচনার প্রস্তাবটি গতকাল বুধবার পেশ করা হয়। সীমান্তবর্তী পানমুনজম গ্রামে দায়িত্বরত দক্ষিণ কোরীয় সেনাদলের কাছে আলোচনার প্রস্তাব লিখিত আকারে দেওয়া হয়।বৃহস্পতিবার পানমুনজমে জাতিসংঘ কমান্ড (ইউএসসি) ও উত্তর কোরিয়ার সেনাবাহিনীর কর্নেল পর্যায়ের পঞ্চম দফা আলোচনা অনুষ্ঠিত হওয়ার পর এ নতুন প্রস্তাবনার বিষয়টি কথা জানা যায়। জাতিসংঘ কমান্ড জানায়, ওই বৈঠকে সেনাবাহিনীর জেনারেল পর্যায়ে নতুন আলোচনার দিন-ক্ষণ ও প্রটোকল নির্ধারণের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।সম্প্রতি উত্তর কোরীয় নেতা কিম জং ইল পিয়ংইয়ংয়ের অত্যন্ত ঘনিষ্ঠ হিসেবে পরিচিত চীন সফর করার পর দক্ষিণ কোরিয়ার সঙ্গে আপস রফার ইঙ্গিত দেন। চীনের কাছ থেকে অর্থনৈতিক সহায়তা ও রাজনৈতিক সমর্থন আদায়ের লক্ষ্যে তিনি গত আগস্টের শেষ দিকে চীন সফরে যান।২০০৮ সালে ক্ষমতায় আসার পর দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি মিউন বাক উত্তর কোরিয়ার সঙ্গে সব সম্পর্ক ছিন্ন করেন। তিনি পিয়ংইয়ংকে পরমাণু অস্ত্র তৈরি কর্মসূচি বন্ধ করার আহ্বান জানান।