দক্ষিণ কোরিয়ায় বন্যায় নিহত ও নিখোঁজ ৫৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউল ও এর পার্শ্ববর্তী এলাকায় প্রবল বর্ষণ ও বন্যায় কমপক্ষে ৫৩ জন নিহত অথবা নিখোঁজ রয়েছে। খবর রয়টার্সের।দেশটির জরুরি সেবা সংস্থার এক মুখপাত্র জানিয়েছেন, প্রবল বৃষ্টিপাত থেকে সৃষ্ট ভূমিধস, বন্যা ও অন্যান্য দুর্ঘটনায় এখন পর্যন্ত ৪১ জন নিহত এবং ১২ জন নিখোঁজ রয়েছে। পরিস্থিতি মোকাবিলায় দক্ষিণ কোরীয় সরকার সেনাবাহিনী তলব করেছে।রাজধানী সিউলের পার্শ্ববর্তী পার্বত্য এলাকায় আজ বৃহস্পতিবার বৃষ্টিপাতের পরিমাণ আরও বেড়েছে বলে আবহাওয়া দপ্তর জানিয়েছে। এর পরিপ্রেক্ষিতে উদ্ধারের তৎপরতা ও পয়োনিষ্কাশনের জন্য সরকার ওই এলাকায় সেনা মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে।জরুরি সেবা সংস্থার মুখপাত্র বলেছেন, ‘লোকজনকে সাহায্য করার জন্য আমরা প্রতিরক্ষা মন্ত্রণালয় ও পুলিশকে বলেছি। জাতীয়ভাবে সহযোগিতার ভিত্তিতে এ দুর্যোগ মোকাবিলা করা দরকার।’দেশটির আবহাওয়া ব্যুরো জানিয়েছে, ১৯০৭ সালের পর এটিই দক্ষিণ কোরিয়ায় সংঘটিত রেকর্ড পরিমাণ বৃষ্টিপাত।এদিকে রাজধানীর আশপাশের এলাকায় ভূমিধসের খবর পাওয়া যাচ্ছে বলে জানিয়েছে রয়টার্স। সংশ্লিষ্ট এলাকার সাড়ে চার হাজারের বেশি মানুষ তাদের বাড়িঘর ছাড়তে বাধ্য হয়েছে।