দক্ষিণ চট্টগ্রামে পরিবহন ধর্মঘট প্রত্যাহার
সরকারের সঙ্গে পরিবহন মালিক ও শ্রমিক নেতাদের আলোচনার পর আজ সোমবার বিকেল থেকে দক্ষিণ চট্টগ্রাম, বান্দরবান ও কক্সবাজার রুটে পরিবহন ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। আজ দুপুরে চট্টগ্রাম অতিরিক্ত বিভাগীয় কমিশনার মো. সাইফুল্লাহর সঙ্গে এক বৈঠকের পর এ সিদ্ধান্ত নেওয়া হয়।ধর্মঘট প্রত্যাহারের পর বিকেল থেকেই দক্ষিণ চট্টগ্রামে যানবাহন চলাচল স্বাভাবিক হয়ে আসে বলে বাস ও মাইক্রোবাস চালকদের সঙ্গে কথা বলে জানা গেছে।মালিক ও শ্রমিক নেতাদের সঙ্গে কথা বলে জানা যায়, আজ দুপুরে চট্টগ্রাম বিভাগীয় কমিশনার কার্যালয়ে চট্টগ্রাম অতিরিক্ত বিভাগীয় কমিশানার মো. সাইফুল্লাহর সঙ্গে তাঁরা বৈঠক করেন। এ সময় মালিক ও শ্রমিক নেতারা সরকারের কাছে তিনটি দাবি জানান। দাবিগুলো হলো ভবিষ্যতে সড়ক দুর্ঘটনার যেকোনো বিষয় পরিবহন আইনে সমাধান করতে হবে, ধর্মঘট প্রত্যাহারের পর কোনো যানবাহনে হামলা করা যাবে না এবং ধর্মঘট চলাকালে শ্রমিক-পুলিশ সংঘর্ষের ঘটনায় কোনো মামলা করা যাবে না। এসব দাবি মেনে নেওয়া হয়েছে বলে দাবি করেন শাহ আমিন পরিবহনের মালিক আহমদ নবী চৌধুরী।তবে চট্টগ্রাম অতিরিক্ত বিভাগীয় কমিশনার মো. সাইফুল্লাহ প্রথম আলোকে বলেন, ‘পরিবহন মালিক ও শ্রমিক নেতারা আমাদের কাছে এসেছিলেন। তাঁরা কিছু দাবি-দাওয়াও পেশ করেন।’ রাস্তায় গাড়ি নামানো হলে কেউ তাতে আঘাত করতে পারে বলে আশঙ্কায় আছেন তাঁরা। তবে তাঁদের অভয় দেওয়া হয়েছে। পরিবহন মালিকেরা বৈঠক শেষে বিকেল থেকে ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দেন।বৈঠকে দক্ষিণ চট্টগ্রামের ১৯টি রুটে চলাচলকারী পরিবহন মালিক শ্রমিক সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।২৫ মার্চ কক্সবাজার জেলার বাংলাবাজার এলাকায় এক মাদ্রাসা-ছাত্র সড়ক দুর্ঘটনায় নিহত হলে স্থানীয় লোকজন বাসটি ভাঙচুর করে। পরে ক্ষতিপূরণ দেওয়াকে কেন্দ্র করে স্থানীয় ইউপি চেয়ারম্যান ও বাসমালিকদের মধ্যে দ্বন্দ্বের একপর্যায়ে বাসমালিক ও শ্রমিক নেতারা ধর্মঘটের ডাক দেন।