দক্ষিণ চট্টগ্রামের ১৯টি রুটে যান চলাচল বন্ধ
চট্টগ্রাম থেকে কক্সবাজার, বান্দরবানসহ দক্ষিণ চট্টগ্রামের ১৯টি রুটে আজ রোববার সকাল থেকে যান চলাচল বন্ধ আছে। চট্টগ্রাম-কক্সবাজার-টেকনাফ পরিবহন মালিক-শ্রমিক সমন্বয় পরিষদের আকস্মিকভাবে অনির্দিষ্টকালের ধর্মঘটের কারণে এ অচলাবস্থার সৃষ্টি হয়েছে। এতে কক্সবাজার, বান্দরবানসহ দক্ষিণ চট্টগ্রাম থেকে ঢাকামুখী এবং ঢাকা থেকে দক্ষিণ চট্টগ্রামমুখী যাত্রীরা আটকা পড়েছে। ফলে তাদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। চট্টগ্রাম-কক্সবাজার-টেকনাফ পরিবহন মালিক-শ্রমিক সমন্বয় পরিষদের পক্ষ থেকে দাবি করা হয়েছে, ২৫ মার্চ একটি সড়ক দুর্ঘটনাকে কেন্দ্র করে বাস চলাচলে বাধা দান এবং চাঁদা আদায় বন্ধের দাবিতে তারা ধর্মঘট শুরু করেছে। সংগঠনের সভাপতি আবুল কালাম আজাদ বলেন, ‘নিরাপত্তাহীন পরিস্থিতিতে গাড়ি চালানো সম্ভব নয় বলেই আমরা ধর্মঘট শুরু করেছি।’প্রশাসন বাস চলাচল শুরু করতে চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে জানা গেছে।