দক্ষিণ-পশ্চিম উপকূলীয় জলাভূমি সংরক্ষণে ২৬ লাখ টাকার প্রকল্প গ্রহণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের দক্ষিণ-পশ্চিম উপকূলীয় অঞ্চলে অপরিকল্পিত চিংড়ি চাষ, বাঁধ নির্মাণ, প্রভাবশালীদের অবৈধ হস্তক্ষেপ এবং চরম পরিবেশ বিপর্যয়ের কারণে এ অঞ্চলের জলাভূমি নিজস্ব বৈশিষ্ট্য হারাচ্ছে। যার বিরূপ প্রভাব বিশ্ব ঐতিহ্য সুন্দরবনের ওপর পড়ছে, পরিবেশ-প্রতিবেশও হচ্ছে হুমকির সম্মুখীন। কিন্তু উপকূলীয় ও পরিবেশ সংরক্ষণ নীতিমালার সঠিক বাস্তবায়ন না হওয়ায় এর সুফল থেকে সংশ্লিষ্ট এলাকার অধিবাসীরা বঞ্চিত হচ্ছে।এ অবস্থাকে সামনে রেখে উপকূলীয় জলাভূমি সংরক্ষণ করতে ‘সামাজিক আন্দোলনের মাধ্যমে জলাভূমি সংরক্ষণ এবং বিচক্ষণ ব্যবহার নিশ্চিতকরণ’ নামক একটি প্রকল্প গ্রহণ করা হয়েছে। প্রকল্প বাস্তবায়নকারী সংস্থা খুলনার কোস্টাল ডেভেলপমেন্ট পার্টনারশিপের (সিডিপি) নির্বাহী পরিচালক সৈয়দ জাহাঙ্গীর হাসান জানিয়েছেন, এই প্রকল্পের মোট ব্যয় ধরা হয়েছে ২৫ লাখ ৮৮ হাজার ১৫০ টাকা। এর মধ্যে জাপান সরকারের রামসার কনভেনশন অন ওয়েটল্যান্ডস সেক্রেটারিয়েট-সুইজারল্যান্ডের মাধ্যমে ২২ লাখ ৪০ হাজার ১৫০ টাকা পাওয়া যাবে। বাকি তিন লাখ ৪৮ হাজার টাকা সিডিপি এবং সহযোগী সংস্থা জোগান দেবে। এক বছর মেয়াদি এ প্রকল্পের প্রাথমিক পর্যায়ের কাজ জানুয়ারি থেকে শুরু হয়েছে। চলতি বছরের ডিসেম্বরে এ প্রকল্পের কাজ শেষ হবে। সিডিপির খুলনা কার্যালয় সূত্রে জানা যায়, দক্ষিণ-পশ্চিম উপকূলীয় অঞ্চলের মোট পাঁচটি উপজেলাকে এ প্রকল্পের আওতায় আনা হয়েছে। এর মধ্যে খুলনা জেলার কয়রা ও দাকোপ, বাগেরহাটের মোরেলগঞ্জ ও মংলা এবং সাতক্ষীরার শ্যামনগর উপজেলা অন্তর্ভুক্ত রয়েছে। এই পাঁচ উপজেলার ২৫টি ইউনিয়নের আওতাধীন ৬০টি গ্রামের ১০ হাজার বাসিন্দাকে সুবিধাভোগী হিসেবে বাছাই করা হয়েছে। কয়রা উপজেলায় কোস্টাল ডেভেলপমেন্ট পার্টনারশিপ (সিডিপি), দাকোপ উপজেলায় খুলনা জনস্বাস্থ্য ও শিক্ষা উন্নয়ন ফাউন্ডেশন, মোরেলগঞ্জ উপজেলায় উদয়ন বাংলাদেশ, মংলা উপজেলায় রূপসা সংস্থা এবং শ্যামনগর উপজেলায় বেসরকারি সংস্থা প্রগতি প্রকল্প বাস্তবায়নের জন্য দায়িত্ব পেয়েছে।