দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জন্য বিশ্বব্যাংক ও সরকারের বিলম্বিত বোধোদয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিগত দুই দশকে সরকারের অনাগ্রহ ও ভ্রান্ত নীতির কারণে খুলনা তার গৌরব হারিয়েছে।রাষ্ট্রায়ত্ত বড় প্রতিষ্ঠানগুলো থেকে নীতিগত ও আর্থিক সমর্থন প্রত্যাহার করা হয় বিশ্বব্যাংক ও এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) চাপে। দেশের দ্বিতীয় সমুদ্রবন্দর মংলাকেও অবহেলায় ফেলে রাখা হয়। পর্যাপ্ত বিনিয়োগ না করার কারণে বিগত এক দশকে বন্দরে জাহাজ আসা-যাওয়া এক-তৃতীয়াংশে নেমে এসেছে। পশ্চিমাঞ্চলের রেলেও বিনিয়োগ হয়নি।অথচ অবিভক্ত বাংলায় খুলনা ও বরিশাল পূর্বাংশের অন্যতম বাণিজ্যকেন্দ্র হিসেবে খ্যাতি ছিল। লবণ, গুড় ও পাটের বাণিজ্যের জন্য সুপরিচিতি লাভ করে খুলনা। পাকিস্তান আমলেও খুলনায় গড়ে উঠেছিল পাটসহ একাধিক বৃহত্ শিল্প-কারখানা।সরেজমিনে দেখা গেছে, খুলনার রেলস্টেশনটি এখনো পুরোনো অবস্থায়ই আছে। বিগত এক দশকে যেসব বিভাগে রেলপথ আছে, সেখানে নতুন স্টেশন নির্মাণ ও পুরোনো অবকাঠামো সংস্কার করা হলেও অবহেলায় ফেলে রাখা হয়েছে খুলনা স্টেশনের আধুনিকায়ন। খুলনার রূপসা থেকে বাগেরহাট পর্যন্ত যে রেল যোগাযোগ ছিল, সেটিও বন্ধ করে দেওয়া হয়েছে এক দশক আগে। রেলের স্লিপার তুলে নেওয়ার পর রেলের জায়গায় মার্কেট থেকে শুরু করে অবৈধভাবে বসতবাড়ি গড়ে তুলেছে অনেকে। দুটি বিদ্যুেকন্দ্র বর্তমানে বন্ধ, গ্যাসের সংযোগও যায়নি সেখানে। ফলে দুর্বল অবকাঠামোর কারণে একসময়ের বাণিজ্যকেন্দ্র এখন পিছিয়ে পড়া স্বল্পোন্নত অঞ্চলে পরিণত হয়েছে।খুলনা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের জ্যেষ্ঠ সহসভাপতি ফরহাদ আহমদ আকন্দ বলেন, ‘ভালো যোগাযোগব্যবস্থা দেবেন না, বিদ্যুত্-গ্যাস দেবেন না আর প্রত্যাশা করবেন একটা অঞ্চল শিল্পোন্নত হবে। এটা তো হয় না।’ তিনি আরও বলেন, সরকারের সমর্থনের অভাবেই খুলনা এগোতে পারেনি। অথচ এটি হতে পারত দক্ষিণ এশিয়ার অন্যতম ট্রানজিট কেন্দ্র।তবে দীর্ঘদিন অবহেলা করলেও সম্প্রতি খুলনাসহ দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সামগ্রিক উন্নয়ন নিয়ে ভাবতে শুরু করেছে সরকার। বিলম্বে হলেও বোধোদয় ঘটেছে উন্নয়ন সহযোগীদের। এখন তারা দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অবকাঠামো উন্নয়নে অর্থায়ন করতে রাজি হয়েছে।বিশ্বব্যাংকের সঙ্গে যোগাযোগ করা হলে তারা জানায়, পদ্মা সেতুসহ দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অবকাঠামো উন্নয়নে একাধিক প্রকল্পে বিনিয়োগের ব্যাপারে তারা কাজ করছে। অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব মোশাররফ হোসেন ভূঁইয়া জানান, সব মন্ত্রণালয়ের প্রতিনিধিদের উপস্থিতিতে বিশ্বব্যাংকের প্রতিনিধিদের সঙ্গে আলোচনা হয়েছে। বৈঠকের পর সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলো তাদের পরিকল্পনা ও প্রকল্প তৈরি করছে। এ বিষয়ে অগ্রগতি হলে আবারও বৈঠক হবে।জানা গেছে, ইতিমধ্যে দক্ষিণ-পশ্চিমাঞ্চলে গ্যাস সরবরাহের জন্য প্রায় ৬০০ কোটি টাকা ব্যয়ের একটি পরিকল্পনা অনুমোদন করেছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি। পদ্মা সেতুর সঙ্গে সামঞ্জস্য রেখে নেওয়া হচ্ছে আরও বেশ কিছু পরিকল্পনা। বিশ্বব্যাংকের একাধিক দল ইতিমধ্যে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের উন্নয়ন পরিকল্পনা নিয়ে কাজ শুরু করে দিয়েছে। এ পরিকল্পনায় গুরুত্ব পাচ্ছে সড়ক ও রেল যোগাযোগ, নদী খনন, বিদ্যুত্ উত্পাদন এবং জলবায়ু পরিবর্তনের সঙ্গে খাপ খাওয়ানো।সবচেয়ে বেশি জোর দেওয়া হচ্ছে সড়ক ও রেলের উন্নয়নে। এর জন্য ব্যয় পরিকল্পনা করা হচ্ছে প্রায় পাঁচ হাজার কোটি টাকার। নিরবচ্ছিন্ন বিদ্যুেসবা দিতে ব্যয় করা হবে চার হাজার ২৭৮ কোটি টাকা।মংলা সমুদ্রবন্দরের সক্ষমতার মাত্র ২০ শতাংশ ব্যবহার করা হয়। অন্যতম নদীবন্দর মাওয়া ঘাটও রয়ে গেছে অবহেলিত। মাওয়া ও সমুদ্রবন্দর মংলার উন্নয়ন ব্যয় পরিকল্পনা করা হয়েছে এক হাজার ৭৯৪ কোটি টাকার। জলবায়ু পরিবর্তনের সঙ্গে খাপ খাওয়ানো ও কৃষি উন্নয়নের জন্য রয়েছে তিন হাজার কোটি টাকা।বিশ্বব্যাংক এসব ব্যাপারে সমীক্ষা করার জন্য ১০টি দল গঠন করেছে। এসব দলের তালিকায় আছে আঞ্চলিক ও স্থানীয় পর্যায়ে সামষ্টিক অর্থনৈতিক প্রভাব, যোগাযোগব্যবস্থা, বিদ্যুত্ সরবরাহ ও ব্যবহার, পানিসম্পদ ব্যবস্থাপনা, আঞ্চলিক বাণিজ্যব্যবস্থা এবং বাজারের কার্যকারিতা, কৃষি ও অকৃষি খাতের প্রবৃদ্ধি, দুর্যোগ মোকাবিলা, দারিদ্র্য পরিস্থিতি, শিক্ষা ও স্বাস্থ্য এবং প্রাতিষ্ঠানিক পরিস্থিতি। এসব কাজে আর্থিক সহায়তা দেবে অস্ট্রেলিয়ার সাহায্য সংস্থা অসএইড ট্রাস্ট তহবিল।ইতিমধ্যে পরিকল্পনার ধারণাপত্র তৈরি হয়েছে। আগামী জুন মাসের মধ্যেই সমীক্ষার কাজ শেষ হবে। আর ২০১০ সালের ৩১ অক্টোবরের মধ্যেই এসব সমীক্ষা সমন্বয় করে একটি পূর্ণাঙ্গ পরিকল্পনা দাঁড় করানো হবে। পদ্মা সেতুর নির্মাণকাজ শেষ হওয়ার আগেই এসব পরিকল্পনার বাস্তবায়ন শুরুর চিন্তা করছে সরকার।এ প্রসঙ্গে বাংলাদেশ উন্নয়ন গবেষণাপ্রতিষ্ঠানের গবেষণা পরিচালক ড. জায়েদ বখত প্রথম আলোকে বলেন, খুলনা বিংশ শতকে দক্ষিণ এশিয়ার অন্যতম শিল্প ও বন্দরনগর ছিল। উন্নয়নের ভ্রান্ত নীতি ক্রমেই অবহেলিত অঞ্চলে পরিণত হয়। বন্দর তার প্রাণ হারিয়ে ফেলে। শিল্পগুলো সরকারি ও বেসরকারি খাতের মনোযোগের অভাবে লোকসানি প্রতিষ্ঠানে পরিণত হয়।জায়েদ বখত দাতাগোষ্ঠীর উপদেশ মেনে একের পর এক কল-কারাখানা বন্ধ করে দেওয়াকে দক্ষিণ-পঞ্চিমাঞ্চলের পশ্চাত্পদতার জন্য দায়ী করেন। আর এখন জলবায়ু পরিবর্তনজনিত অভিঘাত এ অঞ্চলকে আরও বড় ঝুঁকির মধ্যে ফেলে দিয়েছে বলেও তিনি মত দেন। অবশ্য দেরি হলেও সরকার যে একটি সামগ্রিক উন্নয়ন পরিকল্পনা নিয়ে ভাবছে আর উন্নয়ন সহযোগীরাও যে মত বদলেছে, তাকে ইতিবাচক বলেই অভিমত দেন জায়েদ বখত।