দক্ষিণ-পূর্ব এশিয়া দিয়ে শুরু হবে ওবামার সফর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চলতি মাসের মাঝামাঝি দক্ষিণ-পূর্ব এশিয়ার কয়েকটি দেশ সফর করবেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। এর মধ্য দিয়ে শুরু হবে দ্বিতীয় মেয়াদে ওবামার প্রথম বিদেশ সফর। এই সফরে প্রথম মার্কিন প্রেসিডেন্ট হিসেবে মিয়ানমারও সফর করবেন তিনি। আজ বৃহস্পতিবার হোয়াইট হাউসের মুখপাত্রের বরাত দিয়ে রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।হোয়াইট হাউসের মুখপাত্র জে কার্নি বলেন, ১৭ থেকে ২০ নভেম্বর পর্যন্ত এই সফরে ওবামা থাইল্যান্ড ও কম্বোডিয়াসহ দক্ষিণ-পূর্ব এশিয়ার অন্যান্য দেশ সফর করবেন। ১৯ নভেম্বর তিনি মিয়ানমার যাবেন। কয়েক দশকের সামরিক শাসনের পর দেশটিতে বেসামরিক সরকার প্রতিষ্ঠিত হলেও তা নাজুক বলে বিবেচিত। এই পরিস্থিতিতে ওবামার এই সফরকে সে দেশে চলমান রাজনৈতিক সংস্কারের বড় ধরনের স্বীকৃতি হিসেবে ধরা হবে।সফরকালে ওবামা দেশটির প্রেসিডেন্ট থেইন সেইন ও গণতন্ত্রপন্থী নেত্রী অং সাং সুচির সঙ্গে আলাদাভাবে বৈঠক করবেন। সম্প্রতি দেশটিতে বৌদ্ধ ধর্মাবলম্বী ও সংখ্যালঘু রোহিঙ্গা মুসলমানদের মধ্যে সাম্প্রদায়িক দাঙ্গার ঘটনায় উদ্বেগ প্রকাশ করে যুক্তরাষ্ট্র ও ইউরোপিয়ান ইউনিয়ন। একই সঙ্গে এ দাঙ্গা মোকাবিলায় দেশটির সরকারের গৃহীত পদক্ষেপের সমালোচনা করেছে সেখানে কর্মরত জাতিসংঘের তদন্ত দল। বিভিন্ন দেশে থাকা মিয়ানমারের নির্বাসিত কিছু লোকজনের দৃষ্টিতে দেশটিতে রাজনৈতিক সংস্কার পুরোপুরি বাস্তবায়িত হওয়ার আগে ওবামার এই সফর হবে অপরিপক্ব। একটি নির্বাসিত গ্রুপ জানায়, ওবামার এ সফর ‘গণতান্ত্রিক কর্মকাণ্ড এবং নৃতাত্ত্বিক সংখ্যালঘুদের জন্য ক্ষতির কারণ হতে পারে’।