দক্ষিণ-পূর্ব স্পেনে ভূমিকম্পে নিহত ১০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্পেনের দক্ষিণ-পূর্বাঞ্চলের পুরোনো শহর লরকায় গতকাল বুধবার ভূমিকম্পে অন্তত ১০ জন নিহত হয়েছে। রিখটার স্কেলে এর তীব্রতা ছিল পাঁচ দশমিক তিন। এতে শহরের ১০ হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ছাড়া ধ্বংস হয়েছে শহরের অনেক বাড়িঘর ও ঐতিহাসিক গির্জা।দেশটির জাতীয় ভূতাত্ত্বিক ইনস্টিটিউট জানিয়েছে, গতকাল স্থানীয় সময় সন্ধ্যা ছয়টা ৪৭ মিনিটে লরকা শহরটি ভূমিকম্পে কেঁপে ওঠে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানায়, কম্পনটির উত্পত্তিস্থল ছিল ভূগর্ভের এক কিলোমিটার নিচে।সরকারের প্রতিনিধি মুরসিয়া রাফায়েল জাতীয় রেডিওকে বলেন, লরকা শহরের কেন্দ্রস্থলে ব্যাপক ক্ষতি হয়েছে। ভূমিকম্পে জনগণ খুবই ভীত হয়ে পড়েছিল। ঘটনাস্থলের নিরাপত্তায় সামরিক টাস্কফোর্সের ২০০ কর্মী মোতায়েন করা হয়েছে।প্রধানমন্ত্রীর কার্যালয় জানিয়েছে, উপপ্রধানমন্ত্রী আলফ্রেদো পেরেজ রুবালকাবা ক্ষয়ক্ষতির পরিমাপ করতে আজ বৃহস্পতিবার ঘটনাস্থল পরিদর্শনে করবেন। স্পেনে সর্বশেষ ১৯৯৭ সালে ভূমিকম্প আঘাত হানে। এতে একজন নিহত হয়েছিল।