চট্টগ্রামে নবনির্মিত শাহ আমানত সেতুর (তৃতীয় কর্ণফুলী সেতু) দক্ষিণ প্রান্তের সড়কে এলাকাবাসী একটি উঁচু গতিরোধক (স্পিড ব্রেকার) স্থাপন করেছে। অননুমোদিত এই গতিরোধকের কারণে সেতুতে যানজটের সৃষ্টি হচ্ছে। যানজট কখনো কখনো সেতুর দুই প্রান্তের সংযোগ সড়কেও বিস্তৃত হচ্ছে। ফলে সেতু দিয়ে চলাচলকারী যানবাহনের যাত্রীরা দুর্ভোগ পোহাচ্ছে।জানা যায়, ঈদের দিন (শনিবার) বিকেলে সেতুর দক্ষিণ প্রান্তে সংযোগ সড়কে পারাপারের সময় মাইক্রোবাসের ধাক্কায় চার শিশু আহত হয়। ওই দুর্ঘটনার পর উত্তেজিত এলাকাবাসী সেতুর দক্ষিণ প্রান্তে টোল প্লাজার কাছে সংযোগ সড়কের দুই দিকেই ইট-সিমেন্ট দিয়ে উঁচু গতিরোধক স্থাপন করে।গতকাল ওই এলাকায় গিয়ে দেখা গেছে, টোল প্লাজার কাছে সড়কের দুই দিকেই উঁচু গতিরোধক থাকায় যানবাহনগুলোকে সেতুতে ওঠার আগে এবং সেতু থেকে নামার সময় গতি কমিয়ে দিতে হচ্ছে। এ কারণে পেছনে থাকা যানবাহনগুলোর গতিও কমে যাচ্ছে। ফলে সেতুর ওপর এবং দুই দিকের সংযোগ সড়কে যানজটের সৃষ্টি হচ্ছে। গতকাল সকাল থেকে বেলা ১২টা পর্যন্ত এ কারণে সেতুতে তীব্র যানজট ছিল। দুপুরের দিকে যানজট কিছুটা কমে এলেও সন্ধ্যার পর তা আবার তীব্র হয়।সেতুর দক্ষিণ প্রান্তের বাসিন্দাদের অভিযোগ, সড়ক ও জনপথ (সওজ) কর্তৃপক্ষ ওই এলাকায় একটি ফুটওভার ব্রিজ করে দেওয়ার কথা বলেছিল। কিন্তু শেষ পর্যন্ত ফুটওভার ব্রিজ না করেই শাহ আমানত সেতু চালু করেছে। এ কারণে এ এলাকার পাঁচটি ইউনিয়নের ঐতিহ্যবাহী বাজার মাস্টার হাটে যেতে লোকজনকে চার লেনবিশিষ্ট ও ব্যস্ত এই সড়ক পারাপার হতে হচ্ছে। পারাপারের সময় লোকজন দুর্ঘটনারও শিকার হচ্ছে। তাই তাঁরা বাধ্য হয়ে সড়কের ওপর গতিরোধক স্থাপন করেছেন। এ ছাড়া সড়কের ডিজাইনের কারণে কর্ণফুলী নদীর দক্ষিণ পাড়ের গ্রামগুলোয় বসবাসকারীদের যানবাহনে (প্রাইভেট কার) করে চট্টগ্রাম শহরে যাতায়াতে টোল দিতে হচ্ছে। কেউ কেউ যানবাহন নিয়ে দিনে চার-পাঁচবারও শহরে যাতায়াত করছেন। প্রতিবারেই তাঁদের ৮০ টাকা করে টোল দিতে হচ্ছে, যা এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি করেছে। গতিরোধক স্থাপন এই ক্ষোভেরও বহিঃপ্রকাশ বলে জানা যায়।এ প্রসঙ্গে নদীর দক্ষিণ পাড়ের চরপাথরঘাটা সচেতন নাগরিক কমিটির আহ্বায়ক জহুর আহমেদ গতকাল সোমবার প্রথম আলোকে বলেন, ‘কর্ণফুলী নদীর দক্ষিণ তীরের চর পাথরঘাটার বাড়িতে আসা-যাওয়ার জন্য আমাদের ৮০ টাকা করে টোল দিতে হচ্ছে। অথচ যাঁরা আমাদের মতো হালকা যানে করে সেতু দিয়ে কক্সবাজার যাতায়াত করছেন তাঁদেরও ৮০ টাকা টোল দিতে হয়। কর্ণফুলীর দক্ষিণপাড়সংলগ্ন গ্রামগুলোর লোকজনের সেতু দিয়ে যাতায়াত টোলমুক্ত করতে হবে। না হলে এ নিয়ে আমরা আন্দোলনে যাব।’সেতুর দক্ষিণ প্রান্তে সড়কে এলাকাবাসীর গতিরোধক স্থাপনের বিষয়টি নিশ্চিত করেছেন সড়ক ও জনপথ অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী স্বপন কুমার নাথ। তিনি বলেন, ‘মাস্টার হাটে যাওয়া-আসার জন্য আমরা সেতুর নিচ দিয়ে একটি সার্কুলার রোড করে দিয়েছি। কিছুটা ঘোরাপথ বলে লোকজন ওই রাস্তা দিয়ে যেতে চাইছে না। ভবিষ্যতে ওই এলাকায় একটি ওভারপাস করার পরিকল্পনা আছে।’চট্টগ্রাম মহানগর পুলিশের যানবাহন বিভাগের উপকমিশনার (ডিসি-ট্রাফিক) ফারুক আহমদ বলেন, ওই গতিরোধক অপসারণ না করা পর্যন্ত সেতুর ওপর এবং সেতুর দুই দিকের সংযোগ সড়কে যানজট লেগেই থাকবে। আজ মঙ্গলবার থেকে সেতুতে যানবাহন চলাচল আরও বাড়লে যানজট পরিস্থিতি আরও তীব্র হওয়ার আশঙ্কা রয়েছে।