দক্ষিণ বঙ্গোপসাগরে নিম্নচাপ
দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও তত্সংলগ্ন এলাকায় অবস্থানরত নিম্নচাপটি সামান্য উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে একই এলাকায় অবস্থান করছে। এটি আরও ঘনীভূত হয়ে পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হতে পারে। নিম্নচাপটি আজ সন্ধ্যা ছয়টায় চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ১৫৩০ ও কক্সবাজার উপকূল থেকে ১৪৪০ কিলোমিটার দক্ষিণে এবং মংলা সমুদ্রবন্দর থেকে ১৫৪৫ কিলোমিটার দক্ষিণ ও দক্ষিণ-পূর্বে অবস্থান করছিল। নিম্নচাপ কেন্দ্রের ৪৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা গতিবেগ ঘণ্টায় ৪০ কিলোমিটার, যা দমকা অথবা ঝোড়ো হাওয়ার আকারে ৫০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। দক্ষিণ বঙ্গোপসাগর উত্তাল রয়েছে।আবহাওয়া অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ কথা বলা হয়।চট্টগ্রাম ও মংলা সমুদ্রবন্দর এবং কক্সবাজার উপকূলকে এক নম্বর দূরবর্তী সতর্কসংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। গভীর সাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে উত্তর বঙ্গোপসাগরে এসে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সাবধানে চলাচল করতে বলা হয়েছে।—বাসস।