দক্ষিণ সুদান স্বাধীন হচ্ছে কাল, শান্তিরক্ষী রাখার আহ্বান যুক্তরাষ্ট্রের
পৃথিবীর মানচিত্রে কাল শনিবার স্বাধীন রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করছে দক্ষিণ সুদান। স্বাধীনতা-পরবর্তী সময় দেশটির সহিংস এলাকাগুলোতে জাতিসংঘের শান্তি সেনা রাখার পক্ষে মত দিয়েছে যুক্তরাষ্ট্র। নিরাপত্তা পরিষদে ভোটাভুটির জন্য এ সংক্রান্ত একটি খসড়া প্রস্তাবও প্রস্তুত করা হয়েছে।আজ শুক্রবার দেশটিতে জাতিসংঘের শান্তি মিশন শেষ হচ্ছে। জাতিসংঘের একজন রাষ্ট্রদূত জানিয়েছেন, নিরাপত্তা পরিষদে নতুন কোনো প্রস্তাব পাস না হলে আগামী রোববার থেকেই সেখান থেকে সেনা প্রত্যাহার শুরু হবে। এ প্রেক্ষাপটে জাতিসংঘে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত সুসান রাইচ গতকাল বৃহস্পতিবার ওয়াশিংটনে এক বক্তব্যে এ কথা বলেছেন।সুসান রাইচ বলেছেন, স্বাধীনতার পর দক্ষিণ সুদানের সহিংস এলাকা বলে পরিচিত দক্ষিণ কোরদোফান ও ব্লু নাইল এলাকায় জাতিসংঘের শান্তিরক্ষীদের অবস্থান করা উচিত। তিনি বলেন, ‘সুদান থেকে জাতিসংঘের সব সেনা তুলে নিয়ে আসা একটি উদ্বেগের বিষয়। সাধারণ নাগরিকদের রক্ষা ও মানবিক সহায়তার জন্য সেখানকার সহিংস এলাকায় একটা নির্দিষ্ট সময়ের জন্য জাতিসংঘের শান্তি সেনাদের অবস্থান করা দরকার।’ ২০০৫ সালে উত্তর ও দক্ষিণ সুদানের মধ্যে শান্তি চুক্তি হওয়ার পর তা পর্যবেক্ষণের জন্য সেখানে জাতিসংঘের শান্তি সেনারা অবস্থান করছেন। বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, সাত হাজার জাতিসংঘ শান্তি সেনা ও অতিরিক্ত ৯০০ বেসামরিক পুলিশ নিয়ে দক্ষিণ সুদানে নতুন একটি মিশন সৃষ্টি করা হতে পারে। এ নিয়ে একটি খসড়া প্রস্তাবও তৈরি করা হয়েছে। প্রস্তাবটি জাতিসংঘের নিরাপত্তা পরিষদে ভোটাভুটির জন্য তোলা হবে। তবে খার্তুম এই প্রস্তাবের বিরোধী বলে সুস্পষ্ট করে দিয়েছে। তারা বলেছে, নতুন চুক্তি না হলে উত্তর সুদান থেকে জাতিসংঘে শান্তি সেনাদের চলে যেতে হবে। ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র জানিয়েছে, তারা কয়েক সপ্তাহের মধ্যেই দক্ষিণ সুদানকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে। রয়টার্স।