আফ্রিকার দেশ দক্ষিণ সুদানে বাংলাদেশের আয়তনের প্রায় এক-চতুর্থাংশ এলাকার কৃষিজমি ইজারা নিয়ে খাদ্যশস্য উত্পাদন করতে যাচ্ছে সরকার। উভয় দেশের সরকারি পর্যায়ে সহযোগিতার মাধ্যমে এই খাদ্যশস্য উত্পাদন করা হবে।আজ রোববার দক্ষিণ সুদান ও কেনিয়া সফর শেষে দেশে ফিরে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের এই তথ্য জানিয়েছেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন। এ সময় প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব জাফর আহমেদ খান, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মিকাইল শিপার এবং জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) মহাপরিচালক শামসুন নাহার উপস্থিত ছিলেন।খন্দকার মোশাররফ হোসেন জানান, দক্ষিণ সুদান সরকারের সঙ্গে এ ব্যাপারে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে। প্রকল্প চূড়ান্ত করতে ছয় সপ্তাহের মধ্যে কারিগরি একটি দল পাঠাবে বাংলাদেশ। কৃষি মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করে এই কারিগরি দল গঠন করা হবে।খন্দকার মোশাররফ হোসেন আরও বলেন, কৃষিজমি ইজারা নিয়ে খাদ্যশস্য উত্পাদনের মাধ্যমে দুই দেশের খাদ্যনিরাপত্তা নিশ্চিত করা, কৃষিশ্রমিকদের প্রশিক্ষণ এবং লাগসই কৃষিপ্রযুক্তি ব্যবহারে দক্ষিণ সুদানের সঙ্গে পারস্পরিক সহযোগিতার বিষয়ে একমত হয়েছে বাংলাদেশ। এ সমঝোতার মাধ্যমে সে দেশের পতিত জমিতে বাংলাদেশ সরকারিভাবে বীজ ও খাদ্যশস্য উত্পাদন করবে। এ ছাড়াও দুই দেশের মধ্যে কর্মশালা, প্রশিক্ষণ, শিক্ষা সফরের আয়োজন এবং প্রযুক্তি ও অভিজ্ঞতার বিনিময় করা হবে। এ সমঝোতার সময়কাল প্রাথমিকভাবে ১০ বছর বহাল থাকবে। মন্ত্রী জানান, শুধু দক্ষিণ সুদানই নয়, কেনিয়াও বাংলাদেশের সঙ্গে সেখানে যৌথভাবে কৃষি উত্পাদনের ব্যাপারে আগ্রহ দেখিয়েছে। তারাও একটি সমঝোতা স্মারক স্বাক্ষরের জন্য প্রস্তাব পাঠাতে বলেছে। এ ব্যাপারে শিগগিরই সরকার পদক্ষেপ নেবে।খন্দকার মোশাররফ হোসেনের নেতৃত্বে উচ্চপর্যায়ের একটি প্রতিনিধিদল গত ২৮ জুলাই দক্ষিণ সুদান সফরে যায়। সফরকালে মন্ত্রী সুদানের বাণিজ্যমন্ত্রী গ্যারাং ডিং আকুয়াং, সুদানি জাতীয় সংসদের স্পিকার, স্বাস্থ্যমন্ত্রী ও সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে পৃথক পৃথক বৈঠক করেন। প্রতিনিধিদলের অন্যান্য সদস্য সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার (পিএসও) লে. জেনারেল আবদুল ওয়াদুদ, কেনিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার ওয়াহিদুর রহমান, জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর মহাপরিচালক শামসুন নাহার, কৃষি মন্ত্রণালয়ের যুগ্ম সচিব জমসের আহমেদ এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক (আফ্রিকা) আল্লামা সিদ্দিকী এসব বৈঠকে মন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন।