দক্ষিণ সুদানে জাতিগত সহিংসতায় নিহত ৪৭
দক্ষিণ সুদানে জাতিগত সহিংসতায় গত সোমবার অন্তত ৪৭ ব্যক্তি নিহত হয়েছেন। আল-জাজিরা টেলিভিশনের অনলাইন এ খবর জানিয়েছে।নবগঠিত এ দেশটিতে চলমান জাতিগত সহিংসতায় এখন পর্যন্ত ৬০ হাজার লোক বাস্তুহারা হয়েছে বলে সরকারি কর্মকর্তারা জানিয়েছেন। দেশটির কর্মকর্তারা জানান, গত সোমবার মুরলি উপজাতির একদল সশস্ত্র তরুণ গোষ্ঠী জংলেই প্রদেশের দুক পাডইয়েটের লু নুয়ের উপজাতিদের ওপর হামলা চালায়। স্থানীয় নেতা ও সাংসদ ফিলিপ থন লিক ডেং জানিয়েছেন, নিহতদের মধ্যে বেশির ভাগই নারী, শিশু ও বয়স্ক ব্যক্তি।ফিলিপ থন লিক ডেং সাংবাদিকদের বলেছেন, হামলাকারীরা গবাদিপশু নিতে আসেনি। তারা শুধুই ধ্বংসযজ্ঞ চালানোর জন্যই এসেছিল।বয়স্ক ব্যক্তি ও নারীদের রক্ষা করতে রাজ্য ও কেন্দ্রীয় সরকারকে পদক্ষেপ নেওয়ারও আহ্বান জানিয়েছেন ফিলিপ থন লিক ডেং।দেশটির সরকার ও জাতিসংঘের শান্তিরক্ষা বাহিনী জানিয়েছে, সীমিত ও দুর্গম যোগাযোগব্যবস্থা সত্ত্বেও তারা সেখানকার সম্প্রদায়গুলোকে রক্ষায় কাজ করে যাচ্ছে। গত ডিসেম্বরে মুরলি উপজাতির ওপর লু নুয়ের উপজাতি হামলা চালালে উভয় পক্ষের মধ্যে সহিংসতা ব্যাপক আকার ধারণ করে। স্থানীয় কর্মকর্তারা জানান, এসব সহিংসতায় প্রায় দুই হাজার লোক মারা গেছে। জাতিসংঘের তথ্য মতে, দক্ষিণ সুদানে কয়েক দশকের গৃহযুদ্ধে প্রায় ২০ লাখ লোক নিহত হয়েছে। কয়েক দশকের গৃহযুদ্ধের অবসান ঘটিয়ে ২০০৫ সালে জুলাইয়ে খার্তুমের সঙ্গে শান্তিচুক্তির মধ্য স্বাধীনতা লাভ করে দক্ষিণ সুদান। তবে দেশটির সরকার উপজাতি ও সরকারবিরোধী বিদ্রোহীদের সহিংসতা দমনে ব্যর্থ হয়েছে। সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, গত বছর এ ধরনের সহিংসতায় দেশটিতে অন্তত তিন হাজার মানুষ নিহত হয়েছে।