দক্ষিণ সুদানে মন্ত্রীকে গুলি করে হত্যা
দক্ষিণ সুদানে একজন মন্ত্রীকে গতকাল বুধবার রাজধানী জুবায় গুলি করে হত্যা করা হয়েছে। সুদানের পিপলস লিবারেশন আর্মির মুখপাত্র ফিলিপ এগুয়ার এ তথ্য জানান।নিহত ওই মন্ত্রীর নাম জিমি লেমি মিলা। তিনি দক্ষিণ সুদানের সমবায় ও পল্লি উন্নয়নবিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করছিলেন।ফিলিপ এগুয়ার জানিয়েছেন, মিলাকে তাঁর মন্ত্রণালয় ভবনের ভেতরেই গুলি করা হয়। মিলার সাবেক এক ব্যক্তিগত সহকারী তাঁকে গুলি করেন। ওই হামলায় মিলার দেহরক্ষীও নিহত হয়েছেন। পুলিশ হত্যাকারীকে গ্রেপ্তার করেছে।সুদান ক্ষমতাসীন পিপলস লিবারেশন মুভমেন্টের কর্মকর্তারা বলছেন, মিলাকে কোনো রাজনৈতিক কারণে নয়, ব্যক্তিগত বিরোধের জেরেই হত্যা করা হয়েছে।দক্ষিণ সুদানের স্বাধীনতার প্রশ্নে আয়োজিত গণভোটের ফল প্রকাশের কয়েক দিন পরই এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটল। ওই গণভোটে ৯৯ শতাংশ ভোটার দক্ষিণ সুদানের স্বাধীনতার পক্ষে রায় দিয়েছেন। আগামী ৯ জুলাই বিশ্বে নতুন স্বাধীন রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করবে দক্ষিণ সুদান। বিশ্লেষকেরা বলছেন, এ ঘটনা দক্ষিণ সুদানের কাছে স্পষ্টতই নিরাপত্তা চ্যালেঞ্জ হিসেবে দাঁড়িয়েছে। বিবিসি।