দক্ষিণ সুদানে সহিংসতায় ৩৭ জনের মৃত্যু
দক্ষিণ সুদানে নিরাপত্তা বাহিনীর মধ্যকার গোলাগুলিতে ৩৭ জন নিহত হয়েছে। বুধবারের এ ঘটনায় জাতিসংঘের একজন পুলিশ কর্মকর্তাও আহত হন। শুক্রবার জাতিসংঘ ও সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তারা এ কথা জানিয়েছেন। রাম্বেক নর্থ কাউন্টির কমিশনার দেশটির ইউনিটি রাজ্যে এক সভায় উত্তপ্ত বাক্য বিনিময় ও কটূক্তি করার পর এই সহিংসতা ছড়িয়ে পড়ে। দক্ষিণ সুদানে জাতিসংঘ মিশনের (ইউএনএমআইএসএস) মুখপাত্র কুইডার জিরোকের বরাত দিয়ে এ তথ্য জানায় টাইমস অব ইন্ডিয়া। কুইডার জিরোক বলেন, মেশিনগানসহ ভারী অস্ত্রশস্ত্রে সজ্জিত চারটি ট্রাকভর্তি পুলিশ এবং সেনাবাহিনীর সদস্যরা রাম্বেক প্রদেশের কমিশনারের অফিসের সামনে নির্বিচারে গুলি চালাতে থাকে। তবে জাতিসংঘ মিশনের দলটি কিংবা আহত ওই পুলিশ সদস্য এই হামলার লক্ষ্যবস্তু ছিল না বলে উল্লেখ করেন তিনি। এদিকে ইউনিটি প্রদেশের মুখপাত্র জিডিওয়ন গাটপান থোয়ার জানান, সহিংসতায় ওই রাজ্যের ১৬ জন এবং লেক প্রদেশের ২১ জন এ হামলায় নিহত হয়।