দক্ষিণখানজুড়ে শুধু ‘সন্ধান চাই’
দক্ষিণখানের বাসিন্দা শহিদুল ইসলামের পাঁচ বছরের মেয়ে আলপিনা অপহূত হয় গত বছরের অক্টোবরে। সুফিয়া নামের এক প্রতিবেশী ফুসলিয়ে শিশুটিকে নিয়ে যায় বলে অভিযোগ রয়েছে। এক দিন পর দক্ষিণখান থানার দারোগা নুরুদ্দিন আহমেদ তালুকদার অভিযান চালিয়ে অপহূত শিশুকে উদ্ধার করেন। আলপিনা ফিরে পায় মায়ের কোল।চার বছরের হিমেল নিখোঁজ হয় ছয় মাস আগে। গত ২ আগস্ট আশকোনা পশ্চিমপাড়া মেডিকেল রোড থেকে কোহিনুর নামের এক প্রতিবেশী তাকে তুলে নিয়ে যায়। হিমেলের বাবার এই অভিযোগের পর পুলিশ কোহিনুরকে গ্রেপ্তার করে, কিন্তু ছেলেটির সন্ধান মেলেনি। হিমেলের সন্ধান চেয়ে আশকোনার দেয়ালে দেয়ালে পোস্টার সাঁটানো রয়েছে।পুলিশ সূত্রে জানা গেছে, এক বছরে (২০১০) রাজধানীর শুধু দক্ষিণখান থানাতেই হিমেলের মতো অনেকে হারিয়ে গেছে। ১৩২টি নিখোঁজের ঘটনায় থানায় অভিযোগ লিপিবদ্ধ হয়েছে। এর মধ্যে ১৮টি ঘটনায় মামলা হয়েছে। বাকি ১১৪টি ঘটনায় সাধারণ ডায়েরি (জিডি) হয়েছে। ১৮টির মধ্যে ১৪টি নারী অপহরণের মামলা, বাকি চারটি শিশু ও কিশোর অপহরণের অভিযোগ। এসব বিষয়ে খোঁজ নিতে গিয়ে জানা গেছে পুলিশের দুই ধরনের ভূমিকার কথা। কোনো নিখোঁজের ঘটনার পর থানায় মামলা নিতে যেমন গড়িমসি করা হয়, তেমনি অভিযোগ দায়ের হলে তার তদন্ত শুধু কাগজেই সীমাবদ্ধ থাকে। আবার এর বিপরীত আচরণেরও সাক্ষী এখানকার অনেকে। কোনো পুলিশ সদস্যের সহযোগিতায় মামলা হওয়া, হারিয়ে যাওয়া সন্তানকে ফিরে পাওয়ার মতো ঘটনাও আছে।ওই এলাকার বাসিন্দারা জানান, রাজধানীর নতুন বসতির এ এলাকায় মাঝেমধ্যেই মানুষ নিখোঁজ হওয়ার খবর শোনা যায়। শিশু থেকে শুরু করে নানা বয়সী মানুষের নিখোঁজ হওয়ার খবর আসে মসজিদ বা রিকশায় জুড়ে দেওয়া মাইকের ঘোষণা থেকে। কিন্তু নিখোঁজ এই লোকেরা আদৌ আর ফিরে আসে কি না বা তাদের পাওয়া যায় কি না, তা কেউ জানে না।দক্ষিণখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লোকমান হেকিম নিজেও এ তথ্য স্বীকার করেছেন। প্রথম আলোকে তিনি বলেন, রাজধানীর যেকোনো এলাকার চেয়ে এ এলাকার মানুষের নিখোঁজ হওয়ার হার বেশি। অনেক ক্ষেত্রে তা অস্বাভাবিকও। বর্ধিষ্ণু এলাকায় এসব হয় বলেই দাবি করে তিনি বলেন, কেউ হারিয়ে যায়, কেউ চলে যায়। অপহূত হওয়ার সংখ্যা একবারেই হাতে গোনা।তবে এলাকার সাধারণ মানুষের ধারণা, দরিদ্র ও অসহায় মানুষের বসতি গড়ে ওঠার কারণে এ এলাকায় নারী ও শিশু পাচার চক্র অতি সক্রিয়। লোকজনের নিখোঁজ হওয়ার পেছনে এই চক্রের হাত থাকতে পারে। কিন্তু নিখোঁজের ঘটনার পর পুলিশ আন্তরিকভাবে তদন্ত করে না বলেই এ চক্রের হদিস বের করা সম্ভব হয় না।ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের উপকমিশনার মনিরুল ইসলাম এ প্রসঙ্গে বলেন, ‘এত মানুষ নিখোঁজ হওয়ার খবর সত্যিই বিস্ময়কর।’ এ ব্যাপারে তিনি খোঁজ নেবেন বলে জানান। উত্তরা অঞ্চলের উপকমিশনার নিশারুল আরিফও নিখোঁজের এ তথ্য শুনে হতবাক।জানতে চাইলে পুলিশের সাবেক মহাপরিদর্শক নুরুল হুদা প্রথম আলোকে বলেন, এ ধরনের ঘটনা অস্বাভাবিক। কেউ নিখোঁজ হওয়ার পর আর যদি ফিরে না আসে তবে ধরে নিতে হবে সে খুন হয়েছে অথবা পাচার হয়েছে। খুনের পর লাশ পাওয়া যেতে পারে, তবে পাচার হলে খোঁজ পাওয়া যাবে উদ্ধারের পর। এসব ক্ষেত্রে পুলিশের উচিত খুব গুরুত্ব দিয়ে অভিযোগগুলো তদন্ত করা। কিন্ত বাস্তবতা হলো এটা প্রায় ক্ষেত্রেই করা হয় না।দক্ষিণখানের মতো একই ধরনের নতুন বসতির এলাকা কদমতলী, শ্যামপুর যাত্রাবাড়ীসহ ছয় থানা মিলে ওয়ারী অঞ্চল। এ অঞ্চলের উপপুলিশ কমিশনার গাজী মোজাম্মেল হক প্রথম আলোকে বলেন, এই ছয় থানায় প্রতি মাসে গড়ে পাঁচ-ছয়টি করে নিখোঁজের জিডি হয়। কোনো থানায় মাসে পাঁচটি এ ধরনের অভিযোগ এলেই তার কারণ অনুসন্ধান করা উচিত।বিমানবন্দর রেলস্টেশন থেকে পূর্বদিকের পুরো এলাকাজুড়ে আশকোনা, আজমপুর, মোল্লারটেক, কাওলা, আইনুসবাগ, গাওয়াইর নিয়ে দক্ষিণখান থানা। ওপারে নারায়ণগঞ্জের রূপগঞ্জ। ঢাকা মহানগর পুলিশের নিয়ন্ত্রণ থাকলেও এ এলাকাটি ঢাকা সিটি করপোরেশনের বাইরে। এলাকাজুড়ে নতুন ঘরবাড়ি গড়ে উঠছে। তবে রাস্তাঘাট বলতে সবই অলিগলি। দেখে বোঝা যায়, কোনো রকম পরিকল্পনা ছাড়াই বাড়িঘর গড়ে উঠেছে। নেই ক্রমানুসারে বাড়িঘরের নম্বর ও ঠিকানার মিল।বিমানবন্দর সড়ক থেকে নেমে হাজি ক্যাম্প অতিক্রম করে আশকোনা প্রধান সড়ক ও মেডিকেল সড়কে ঢুকতেই দুই ধারে বিভিন্ন দেয়ালে চোখে পড়ে, নিখোঁজ শিশু হিমেলের সন্ধান চেয়ে সাঁটানো পোস্টার। পোস্টারে হিমেলের ছবি ছাড়াও তার বাবার নাম ও ফোন নম্বর দেওয়া আছে। লেখা রয়েছে, ‘উক্ত হিমেলকে গত ২ আগস্ট আশকোনার হাজী ক্যাম্পের পূর্বপাশের বাসা হইতে মাদারীপুর জেলার রাজৈর থানার সুতাকান্দি গ্রামের বাবুলের স্ত্রী কোহিনুর লইয়া যায়। অদ্য পর্যন্ত তাহার সন্ধান পাওয়া যাইতেছে না।’ সন্ধানদাতাকে পুরস্কার দেওয়া হবে বলে পোস্টারে উল্লেখ করা হয়।এ ব্যাপারে খোঁজ করতে গিয়ে জানা যায়, হাজি ক্যাম্পের রাস্তার ফুটপাতের ফল বিক্রেতা হানিফ মিয়ার একমাত্র সন্তান হিমেল। হানিফ মিয়া জানান, ২ আগস্ট প্রতিবেশী কোহিনুর বেগম (লাবণীর মা) হিমেলকে কোলে নিয়ে হাঁটতে হাঁটতে চলে যান। ওই দিন তিনি আর ফিরে আসেননি। পরের দিন ভোরবেলা কোহিনুর একাই বাড়ি ফেরেন। কিন্তু হিমেলের ব্যাপারে তিনি কিছু জানেন না বলে জানান। হিমেলের বাবা হানিফের অভিযোগ, এ ব্যাপারে অভিযোগ জানাতে তিনি প্রথমে দক্ষিণখান থানায় যান। থানার লোকজন সব শুনে বলেন, ‘ভালো কইরা তালাশ করেন, জিডি লমু না।’ এরপর আরেকবার থানায় গেলে তাঁকে আবার ফিরিয়ে দেওয়া হয়। এদিকে একমাত্র সন্তানকে হারিয়ে তাঁর স্ত্রী রাবেয়া বেগম বাড়িতে কান্নাকাটি করতে থাকেন। কান্নার শব্দ শুনে টহল পুলিশের এক দারোগা এগিয়ে আসেন। অবশেষে ওই দারোগার সহায়তায় দুই দিন পর মামলা হয়।হানিফের অভিযোগ, কোহিনুর বেগমকে গ্রেপ্তারের পর শ্রমিক লীগের সদস্য নান্নু মিয়া, আওলাদ, রেজাউল, লিটন ও শহিদ থানায় গিয়ে তদবির করেন। তাঁরা সবাই শিশু পাচারকারী চক্রের লোক। বর্তমানে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক (এসআই) দেলোয়ার হোসেন মামলাটি তদন্ত করছেন। জানতে চাইলে তদন্তকারী দেলোয়ার হোসেন প্রথম আলোকে বলেন, থানার পুলিশ সময় ক্ষেপণ করে মামলার সব আলামত নষ্ট করেছে। আবার কোহিনুরও অপহরণের কথা স্বীকার করেনি।জানা যায়, অভিনেত্রী রোকেয়া প্রাচীর প্রতিষ্ঠান ব্ল্যাক ট্রুথ এ ঘটনাটি পর্যবেক্ষণ করছে এবং হিমেলের বাবাকে আইনি সহায়তা দিচ্ছে। জানতে চাইলে রোকেয়া প্রাচী প্রথম আলোকে বলেন, এ মামলায় চারবার তদন্তকারী কর্মকর্তা বদল হয়েছে। পুলিশ ইচ্ছে করেই মামলাটি নষ্ট করেছে। ১৩২ নম্বর আশকোনার (উচ্চারটেক) আখের আলীর তৃতীয় শ্রেণীর ছাত্র তাজু মিয়া গত ডিসেম্বরে নিখোঁজ হয়। এক দিন পরই তাজুর খোঁজ পাওয়া যায়। তাজু জানায়, তার আরও চার বন্ধুর সঙ্গে সে ট্রেনে চেপে ভৈরব চলে যায়। কয়েকটি ছিন্নমূল শিশু ও কিশোরের কথামতো তাজু ও তার বন্ধুরা ট্রেনে ওঠে। কথা ছিল তারা টঙ্গী গিয়েই আবার ফিরে আসবে। কিন্তু ওই কিশোররা তাদের ট্রেনের ছাদে তুলে দেয়। ফলে টঙ্গীতে গিয়ে তারা আর নামতে পারেনি। এরপর ট্রেন ভৈরবে গেলে একজন পুলিশ সদস্য তাদের আটকান। ওই পুলিশ সদস্য আবার বিমানবন্দর এলাকায় কর্তব্য পালন করেন। এরপর তিনি ওই চার শিশুকে বিমানবন্দর রেলস্টেশনে নিয়ে আসেন। এদের মধ্যে এক শিশুর (আকাশ) কাছে তার বাবার ফোন নম্বর ছিল। ওই নম্বরে ফোন করে পরে শিশুদের নিজ নিজ অভিভাবকের কাছে পৌঁছে দেওয়া হয়।তাজুরা চারজন ফিরে এলেও ফেরেনি বিভিন্ন বয়সী আরও অনেকে। প্রেম বাগানের হারেজ মিয়ার স্ত্রী সালেহার অভিযোগ, তাঁর চাচাতো ভাই আবদুল হালিম হঠাৎ করে নিখোঁজ হয়। যায়দাবাগের দেলোয়ার হোসেন বলেন, তাঁদের বাড়ি থেকে আমেনা নামের এক নারী নিখোঁজ হন গত বছরের ১০ জানুয়ারি। পরদিন তিনি এ নিয়ে জিডি করেন। তৈরি পোশাক কারখানার শ্রমিক হাবিবার নিখোঁজের অভিযোগ করে তাঁর বান্ধবী সালেহা গত ৭ আগস্ট থানায় জিডি করেন। মেডিকেল রোডের মোর্শেদ আলমের স্ত্রী রহিমা জানান, দু-তিন মাস আগে এক নারী সন্তানের খোঁজে তাঁর বাড়ির সামনে এসে মাটিতে গড়াগড়ি দিয়ে কান্নাকাটি করে চলে যান। এরপর তিনি আর ওই নারীকে খুঁজে পাননি। মোমিনের বস্তির বাসিন্দা নাজমা জানান, রফিকের মায়ের বড় ছেলে ফজল হারিয়ে গেছে। এ ঘটনার পর তারা মোমিনের বস্তি ছেড়ে চলে গেছে। আশকোনার চায়ের দোকানে বসে কথা হয় স্থানীয় কয়েকজন তরুণের সঙ্গে। তারা জানায়, প্রায়ই এলাকায় শোনা যায় বাচ্চা ও কাজের ছেলেমেয়ে হারিয়ে যাওয়ার কথা। প্রথম দু-এক দিন সবাই বিষয়টি নিয়ে খুব উদ্বিগ্ন থাকে, পরে ভুলে যায়। তবে এলাকায় ঘুরে দেখা গেছে, তুলনামূলক কম ভাড়া হওয়ায় ওই এলাকায় নিম্নবিত্ত মানুষের বাস বেশি। এলাকায় প্রচুর খালি প্লট ও জমি থাকায় বাচ্চারা সেগুলোতে নিয়মিত খেলা করে।স্থানীয় বাসার মালিক নুরুন্নাহার জানান, বাচ্চারা যেখানে-সেখানে খেলে। সেখান থেকে দুর্বৃত্তরা তাদের ধরে নিয়ে যেতে পারে। কাছেই রেলস্টেশন ও মহাসড়ক হওয়ায় খুব অল্প সময়ের মধ্যে বাচ্চাদের নিয়ে পালানো সম্ভব হয়। অনেক বাচ্চাকে ফুসলিয়ে ট্রেনে তুলে নিয়ে যাওয়ার কথাও শোনা গেছে। অনেকে এসব কারণে এলাকা ছেড়ে দিয়েছেন বলেও তিনি জানান।