দক্ষিণখানে যুবকের লাশ উদ্ধার
রাজধানীর দক্ষিণখান এলাকা থেকে মোহাম্মদ আরিফ (২৪) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ সকাল আটটার দিকে থেকে তাঁর লাশটি উদ্ধার করা হয়। দক্ষিণখান থানার উপপরিদর্শক (এসআই) জাকির হোসেন জানান, দক্ষিণখানের জামতলা মত্স্য মার্কেটের গলি থেকে উদ্ধার করা লাশটির বাঁ পাঁজরে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। ময়নাতদন্তের জন্য লাশটি ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।তবে ঢাকা মেডিকেল কলেজের মর্গ সূত্র জানিয়েছে, আরিফের বাঁ পাঁজর দিয়ে গুলি ভেদ করে ডান দিক থেকে বের হয়ে গেছে।আরিফের মামা আসলাম মিয়া সাংবাদিকদের জানিয়েছেন, গতকাল শুক্রবার রাত নয়টার দিকে আরিফকে তাঁর এক বন্ধু বাসা থেকে ডেকে নিয়ে যায়। এরপর সে আর বাসায় ফেরেনি। তবে ওই বন্ধুর নাম জানাতে পারেননি আসলাম মিয়া।আরিফ তাঁর পরিবারের সঙ্গে দক্ষিণখানের জামতলা মুন্সি মার্কেট সংলগ্ন এলাকায় থাকতেন। পেশায় ছিলেন গাড়িচালক। তাঁর বাবার নাম লেহাজ উদ্দিন।