দক্ষিণবঙ্গের তিন জেলায় পরিবহন ধর্মঘট প্রত্যাহার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দক্ষিণবঙ্গের বাগেরহাট, পিরোজপুর ও খুলনা জেলায় টানা ৩২ ঘণ্টা পর অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট প্রত্যাহার করে নিয়েছে পরিবহন মালিক ও শ্রমিকেরা। আজ সোমবার পুলিশ প্রশাসনের সঙ্গে বৈঠকের পর সমস্যা সমাধানের আশ্বাসের ভিত্তিতে বেলা সোয়া দুইটার দিকে পরিবহন ধর্মঘট তুলে নেওয়া হয়। ফলে দুপুর থেকে তিন জেলার ৩৫টি রুটে যান চলাচল আবারও স্বাভাবিক হয়ে ওঠে। আজ বেলা ১১টা থেকে পৌনে দুইটা পর্যন্ত খুলনায় রেঞ্জ ডিআইজির সভাকক্ষে পুলিশ প্রশাসনের সঙ্গে পরিবহন মালিক ও শ্রমিকনেতাদের ওই বৈঠক অনুষ্ঠিত হয়। নছিমন, করিমন, ইজিবাইক, ভটভটি, মহেন্দ্র ও ভাড়ায় চালিত মোটরসাইকেলসহ সব ধরনের অবৈধ পরিবহন বন্ধের দাবিতে গতকাল রোববার ভোর থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক দেওয়া হয়। বৈঠকের সভাপতি ও পুলিশের খুলনা রেঞ্জের উপমহাপুলিশ পরিদর্শক মেজবাহ উদ্দিন প্রথম আলো ডটকমকে বলেন, পরিবহন শ্রমিক ও মালিকদের দাবি ছিল সড়ক থেকে নছিমন, করিমন, ভটভটি, মহেন্দ্র ইত্যাদি অবৈধ যানবাহন তুলে দেওয়া। এ বিষয়ে সভা থেকেই খুলনা রেঞ্জের প্রতিটি জেলার থানাগুলোকে স্থানীয় ভিজিল্যান্স টিম সঙ্গে নিয়ে প্রতিদিন সড়কে নজরদারি এবং অবৈধ যান চলাচল বন্ধ করার ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে। পরে ধর্মঘট আহ্বানকারীরা তাঁদের কর্মসূচি প্রত্যাহার করতে সম্মত হলে দুপুরে সড়কে বাস চলাচল শুরু হয়। বাগেরহাট আন্তজেলা বাস-মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক খান মনির হোসেন ও রূপসা-বাগেরহাট বাস-মিনিবাস মালিক সমিতির সভাপতি নূরুল হক লিপন এ প্রতিবেদককে মুঠোফোনে বলেন, মহাসড়ক থেকে অবৈধ যানবাহন তুলে দিতে পুলিশ প্রশাসনের দেওয়া প্রতিশ্রুতির ভিত্তিতে আমরা আমাদের কর্মসূচি স্থগিত করেছি। প্রশাসন আমাদের দাবি পূরণে ব্যর্থ হলে ঈদের পর আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে। বৈঠকে উপস্থিত ছিলেন পুলিশের খুলনা রেঞ্জের অতিরিক্ত উপমহাপুলিশ পরিদর্শক (প্রশাসন) রফিকুল ইসলাম, অতিরিক্ত উপমহাপুলিশ পরিদর্শক (অপরাধ) আবুল কালাম আজাদ, খুলনা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ইমামুর রশিদ, বিআরটিএ খুলনার সহকারী পরিচালক সেলিম বকস, খুলনা মোটর বাস মালিক সমিতির সভাপতি আবদুল গফফার বিশ্বাস, খুলনা বিভাগীয় ট্রাক শ্রমিক ইউনিয়নের সভাপতি রহিম বকস দুদু, বাগেরহাট আন্তজেলা বাস মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক খান মনির হোসেন, বাগেরহাট আন্তজেলা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি তালুকদার এ বাকিসহ পিরোজপুর, খুলনা ও সাতক্ষীরা জেলার বিভিন্ন বাস মালিক ও শ্রমিক সংগঠনের নেতারা।